২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রলীগের আট নেতাকর্মী বহিষ্কার

ছাত্রলীগের সংঘর্ষে জড়িত থাকা এবং সাংবাদিক ও শাটল ট্রেনের চালককে লাঞ্ছিত করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের সংঘর্ষে জড়িত থাকা এবং সাংবাদিক ও শাটল ট্রেনের চালককে লাঞ্ছিত করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া তিন ছাত্রলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। শনিবার চবি’র ছাত্র বিষয়ক শৃঙ্খলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে কমিটির প্রধান প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় চবি ছাত্রলীগ সদস্য লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আকন্দ ইউনুস আহমেদ ও অণুজীববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের আব্দুল্লাহ আল মাকসুদকে। গত ৫ অগাস্ট শাটল ট্রেনের চালককে অপহরণ করে লাঞ্ছিত করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর কোর্সের শিক্ষার্থী আলমগীর টিপু, সহ-সম্পাদক মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের কামরুল হাসান রায়হান এবং সংগঠনের তিন সদস্য অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের সাইফুল হক তপু, মার্কেটিং দ্বিতীয় বর্ষের আরাফাত হোসেন ও ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাকিবকে। তারা সবাই গত ২৯ সেপ্টেম্বর ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত হন বলে জানান প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ। তিনি আরো বলেন, একই ঘটনায় ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আবু কায়সার রনি, গ্রন্থণা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মনসুর উল আলম এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইংরেজি বিভাগের জমির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। এছাড়া শ্রেণীকক্ষে ঢুকে সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগে ছাত্রলীগ কর্মী ইংরেজী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেল দেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এইচএ/২২২৪ ঘ.