রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবির কর্মীদের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন প্রক্টোরিয়াল বডির ছয় সদস্য।
পুলিশ জানিয়েছে, অন্তত ১৫ শিক্ষার্থীকে আটক করেছে। সংঘর্ষ চলাকালে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শুরু হয়ে সংঘর্ষ চলে প্রায় আধা ঘণ্টা। এরপর চলে বিক্ষোভ-ভাংচুর। বেলা ৩টার দিকে পুলিশ পরিবেশ নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের কারণে আগামী ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে øাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুদের আতঙ্কিত না হতে বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংঘর্ষের পর ছাত্র শিবির ক্যাম্পাসের বাইরে এবং ছাত্রলীগ ভেতরে অবস্থান নেয়ায় উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে পুলিশ থাকলেও সংঘর্ষের সময় তারা ‘নীরব ভূমিকা’ পালন করে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
গুলিবিদ্ধ হয়েছেন বহি®কৃত ছাত্রলীগ নেতা (সাবেক সহ-সভাপতি) আখেরুজ্জামান তাকিম, ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন ইয়াহিয়া, শিবিরকর্মী শরীফ হোসেন (ব্যবস্থাপনা চতুর্থ বর্ষ), জাহাঙ্গীর আলম (ফোকলোর বিভাগ)।
অন্য আহতরা হলেন শিবিরকর্মী জহিরুল ইসলাম (ইসলামের ইতিহাস), আল-আমিন, মোবারক হোসেন, নিপুন হোসেন, শরীফুল ইসলাম, জাহাঙ্গীর আলম এবং সাধারণ শিক্ষার্থী নবিউল ইসলাম। বাকিদের নাম জানা যায়নি।
গুলিবিদ্ধ আখেরুজ্জামান তাকিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে আহতের সংখ্যা বাড়তে পাড়ে বলে মতিহার থানার ওসি আনিছুর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
মতিহার থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বিকাল ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত শিবিরকর্মী সন্দেহে ১৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। কাজলা, বিনোদপুর, ধরমপুর এলাকায় অভিযান চলছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ২০ মিনিট ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে ধারালো অস্ত্রও দেখা যায় দুই সংগঠনের কর্মীদের হাতে। পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়।
তিনি বলেন, আগামী ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ¯œাতক ভর্তি পরীক্ষায় ভয়ের কোনো কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার লোকজন নিরপত্তার দায়িত্বে থাকবেন।
সাধারণ শিক্ষার্থীরা বলেন, গত মাসের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস পুড়িয়ে দেয়ার মামলায় শিবিরকর্মীদের আটক করার পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা চলছিল। সোমবার শিবিরকর্মীরা ক্যাম্পাসে এসে ‘শোডাউন’ করলে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে শিবিরকর্মীরা আবারো কেন্দ্রীয় পাঠাগারের দক্ষিণ চত্বরে জড়ো হলে এর কয়েকশ’ গজ পশ্চিমে শহীদুল্লাহ কলাভবনের সামনে অবস্থান নেয় ছাত্রলীগকর্মীরা।
এক পর্যায়ে তারা শিবিরকর্মীদের ধাওয়া করলে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় মোবারক হোসেন নামের এক সাধারণ শিক্ষার্থীর পায়ে হাসুয়া দিয়ে জখম করে সংঘর্ষকারীরা। আতংক ছড়িয়ে পরে পুরো ক্যাম্পাসে। সাধারণ শিক্ষার্থীরা দিদ্বিগবিগ ছোটাছুটি শুরু করে।
পরে আরো অন্তত অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী রামদা, হাসুয়া, হকিস্টিক, রড, কাঠের টুকরাসহ দেশি অস্ত্র নিয়ে ধাওয়া করলে শিবিরকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে পালাতে শুরু করে। এ সময় কয়েক রাউন্ড গুলি হয়।
খবর পেয়ে শিবিরের কয়েকশ’ নেতাকর্মী ফের বিশ্ববিদ্যালয় কাছের বিনোদপুর বাজারে অবস্থান নেয়। তারা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে ছাত্রলীগকর্মীরা মিছিল নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিবির-কর্মীদের ধাওয়া করে। এই সময় প্রায় ২০/৩০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়।
এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার পর প্রশাসন ভবনের সামনে রাখা বিশ্ববিদ্যালয় পরিবহনের দুটি বাসে ভাঙচুর চালানো হয়।
পরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শিবিরকে মদদ দেয়ার অভিযোগে ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ করে এবং উপাচার্যের বাসভবন লেখা নেমপ্লেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে।
এস সময় প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়াসহ প্রক্টরিয়াল বডির ছয় সদস্য বাধাদানের চেষ্টা করলে ছাত্রলীগকর্মীরা তাদের লাঞ্ছিত করে।
বিকাল ৩টার দিকে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাঞ্ছিত হওয়ার কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জুলিফিকার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা ছাত্রলীগকর্মীদের বাধা দিতে গেলে আমাদের লাঞ্ছিত করা হয়।”
এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে মৌলবাদী ওই ছাত্র সংগঠন ঝামেলা বাধানোর পাঁয়তারা করছিল।
সোমবার তাদের (শিবিরের) ইন্ধনে ক্যাম্পাসে পরিবহনের সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
তারা আরো বলেন, মঙ্গলবার ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যাকাণ্ডসহ কয়েক কয়েকটি মামলার আসামি শিবিরকর্মীরা ক্যাম্পাসে শোডাউন দিতে গেলে ছাত্রলীগ অস্থিতিশীল পরিবেশ যাতে না হয় সেজন্য তাদের ক্যাম্পাস থেকে বের হতে বলে। কিন্তু তারা উল্টো ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
তারা অভিযোগ করেন, প্রশাসন ও পুলিশের ‘নীরব দর্শক’র ভূমিকার কারণে শিবির ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার পাঁয়তারা করছে।
তারা কোনো গোলাগুলি করেননি দাবি করে বলেন, শিবিরকর্মীরা গুলি করে ছাত্রলীগ নোত আখেরুজ্জামান তাকিমকে আহত করেছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে শিবির সভাপতি আশরাফুল আলম ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভর্তি পরীক্ষা বানচাল করতে ছাত্রলীগ প্রশাসন ও পুলিশের সহায়তায় আমাদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে।”
“তারা আমাদের বেশ কয়েকজন কর্মীকে গুলিবিদ্ধ করে, যারা রাজশাহী এবং বাইরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন,” বলেন আশরাফুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচপি/জেকে/১৭৫৪ ঘ.
bdnews24