ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা হবে ১ ডিসেম্বর, যার আবেদনপত্র অনলাইনে পাওয়া যাবে ১০ অক্টোবর থেকে।
সোমবার বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম।
দুপুর সাড়ে তিনটায় একাডেমিক কাউন্সিলের সভা বসে। উপাচার্যের অনুপস্থিতিতে পুরকৌশল অনুষদের ডিন মো. জাকারিয়া সভায় সভাপতিত্ব করেন।
একাডেমিক কাউন্সিলের সদস্য ও বুয়েট শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ আতাউর রহমান জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ অক্টোবর থেকে অনলাইনে ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে। আবেদন করার শেষ তারিখ ২২ অক্টোবর। তবে কোনো শিক্ষার্থী আবেদন করতে গিয়ে সমস্যার পড়লে তাদের আবেদনপত্র ২৩ তারিখ পর্যন্ত জমা নেয়া হবে।
তিনি বলেন, আবেদনকারীদের এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪ এবং এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ণ, গণিত এবং ইংরেজি বিষয়ে জিপিএ-৫ করে পেতে হবে।
আগের বছরের মতই আসন এক হাজার থাকছে বলে জানান শিক্ষক সমিতির এই নেতা।
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঠিক হলেও অচলাবস্থার কারণে বুয়েটে এতদিন তা হয়নি।
বিভিন্ন অনিয়মের অভিযোগে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের কারণে সৃষ্টি হয়েছিল ওই অচলাবস্থা।
৯ সেপ্টেম্বর উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে তার পদ থেকে অপসারণের পর পরিস্থিতি ঠা-া হয়।
১৮ সেপ্টেম্বর স্থাপত্য অনুষদের ডিন অধ্যাপক রোকসানা হাফিজকে প্রধান করে বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য একটি কমিটি করা হয়ে। কমিটির সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিল ভর্তির তারিখ চূড়ান্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৯৫৮ ঘ.
bdnews24