২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা এলাকায় নির্বাচনী পরীক্ষা অনিশ্চিত

বন্যার পানি ওঠায় বগুড়ার পাঁচ উপজেলায় শতাধিক স্কুল ও মাদ্রাসায় আসন্ন এসএসসি ও দাখিল নির্বাচনী পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 11:47 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

বগুড়া, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যার পানি ওঠায় বগুড়ার পাঁচ উপজেলায় শতাধিক স্কুল ও মাদ্রাসায় আসন্ন এসএসসি ও দাখিল নির্বাচনী পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ৬ অক্টোবর থেকে রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি নির্বাচনী পরীক্ষা এবং ৮ অক্টোবর থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল নির্বাচনী পরীক্ষা শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বন্যা উপদ্রুত উপজেলাগুলো হল সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, গাবতলী ও শেরপুর। এসব এলাকার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকেছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীরা ক্লাশে উপস্থিত হতে পারছে না। সারিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, তার এলাকায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকেছে। আগামী ১৫ দিনের মধ্যেও এগুলো লেখাপড়ার উপযোগী হবে না। এছাড়া আরো ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেকারণে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে আসন্ন নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সুপারিশ করা হয়। ধুনটে গোসাইবাড়ি কে ও উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লতিফা খাতুন বলেন, বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা উপস্থিত হতে পারছে না। শুধু শিক্ষকরা বিদ্যালয়ে হাজিরা দিচ্ছেন। তিনি আসন্ন নির্বাচনী পরীক্ষার তারিখ পেছানোর দাবি করে বলেন, আগামী ৬ অক্টোবর পরীক্ষা নেয়া হলে শিক্ষার্থীর উপস্থিতি কম হবে। একই উপজেলার জোড়খালি সিনিয়র দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মাহমুদুল হাসানও একই কারণে পরীক্ষা পেছানোর দাবি জানান। স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যার ভয়াবহতায় মানুষ জীবনের সঙ্গে লড়াই করছে। শিক্ষার্থীরা পড়ালেখার সুযোগ পাচ্ছে না। “পানি না নামা পর্যন্ত নির্বাচনী পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পরীক্ষার সময়সূচি পেছানোর কথা বলেছি,” বলেন তিনি। জেলা শিক্ষা কর্মকর্তা ছামছুল হক বলেন, সারাদেশে একই সঙ্গে মাধ্যমিক ও সমমানের দাখিল নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বন্যা উপদ্রুত এলাকায় পরীক্ষা একই সময়ে গ্রহণ করার প্রস্তুতি রয়েছে। “আগামী ৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে সমস্যা দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৭৩৮ ঘ.