ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা বুধবার থেকে শুরু হচ্ছে।
সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা হবে। প্রথম দিন রয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।
আটটি সাধারণ শিক্ষা বোর্ড, দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে দুই হাজার ৪৬৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৪ মার্চ পর্যন্ত।
এবার এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র এবং গণিত ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ৭ লাখ ৩৫ হাজার ২২৯ জন ছাত্র এবং ৬ লাখ ৮৪ হাজার ৮২৮ জন ছাত্রী।
এসএসসিতে ১০ লাখ ৫২ হাজার ৯৬৯ শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৩২ হাজার ৮১৮ জন ছাত্রী এবং ৫ লাখ ২০ হাজার ১১৫ জন ছাত্র। প্রথমবারের মতো এসএসসিতে ছাত্রদের চেয়ে ছাত্রীর সংখ্যা ১২ হাজার ৬৬৭ জন বেশি।
এছাড়া দাখিলে ২ লাখ ৭৫ হাজার ৯৩০ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৯১ হাজার ১৫৮ জন শিক্ষার্থী রয়েছে।
এবারো পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা বোর্ডগুলোর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলোর তথ্য আদান প্রদান হবে অনলাইনে।
এবার ২৬ হাজার ৮৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে জেদ্দা, রিয়াদ, আবুধাবী, দুবাই, দোহা-কাতার, বাহরাইন ও ত্রিপলী কেন্দ্রে পরীক্ষা হবে। বিদেশের কেন্দ্রগুলোতে পরীক্ষা সংখ্যা ২৭৪ জন।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার অতিরিক্ত সময় ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২০ মিনিট করা হয়েছে।
এছাড়া দৃষ্টি প্রতিবন্ধি, শ্রবণ প্রতিবন্ধি, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধি এবং যাদের হাত নেই তারা শ্র“তি লেখককে সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে।
ঢাকা বোর্ডের আওতাধীন ঢাকা বধির স্কুলে ৪৬ জন শ্রবণ প্রতিবন্ধি পরীক্ষার্থী রয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৭৫২ ঘ.
bdnews24