২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতিবিদ নয়’

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি-বাণিজ্য বন্ধে আইন করে পরিচালনা পর্যদে রাজনৈতিক ব্যক্তিদের না রাখার দাবি রাজধানীতে এক সংলাপে উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি-বাণিজ্য বন্ধে আইন করে পরিচালনা পর্যদে রাজনৈতিক ব্যক্তিদের না রাখার দাবি রাজধানীতে এক সংলাপে উঠে এসেছে। একই সঙ্গে যারা ভর্তি-বাণিজ্য করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোরও পরামর্শ দিয়েছেন সংলাপে অংশ নেওয়া ব্যক্তিরা। বুধবার আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে ‘ভর্তি বাণিজ্য: জনতার সংলাপ’ শীর্ষক এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের পাশাপাশি ছিলেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, আইন সালিশ কেন্দ্রের নির্বাহী প্রধান সুলতানা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও হোসেন জিল্লুর রহমান প্রমুখ। গণসাক্ষরতা অভিযান আয়োজিত এ সংলাপে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অভিভাবক ও শিক্ষকদের বিভিন্ন অভিযোগ শুনে তা সমাধানের আশ্বাস দেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, “পৃথিবীর কোথাও নজির নেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের দায়িত্বে থাকেন সংসদ সদস্যরা।” বাংলা, ইংরেজি ও মাদ্রাসা মাধ্যমের শিক্ষা ব্যবস্থার মধ্যে বৈষম্য কমাতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “ভর্তি-বাণিজ্যের সঙ্গে রাজনৈতিক-অর্থনীতি যুক্ত। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিবিদরা যেন জড়িত থাকতে না পারে, তা আইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে।” রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠান ৫ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য ৮ কোটি টাকার ভর্তি ফরম বিক্রি করার তথ্য তুলে ধরে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, “অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মতো স্কুল প্রতিষ্ঠাও ব্যবসায় পরিণত হয়েছে।” “শিক্ষা সাধারণ মানুষের অধিকার, সে বিষয়ে আমাদের নজর দিতে হবে। প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার বাস্তবায়ন করতে হবে। বাজেটের ২০ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ রাখা প্রয়োজন,” যোগ করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে আর ভর্তি-বাণিজ্য করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলিকুজ্জমান আহমেদ বলেন, “নানা ছলছুতোর মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে।” শিক্ষানীতি বাস্তবায়ন হলে শিক্ষাখাতের বিভিন্ন সমস্যার সমাধান হবে বলে মনে করেন শিক্ষানীতি প্রণয়ন কমিটির এই কো-চেয়ারম্যান। সংলাপে উপস্থিত বেশিরভাগ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি-বাণিজ্যের কঠোর সমালোচনা করেন। অতিরিক্ত ভর্তি ফি এবং বেতনের বিষয়টি শিক্ষামন্ত্রীর সামনে তুলে ধরেন শিক্ষার্থীরা। ভর্তির সময় অতিরিক্ত টাকা নেওয়া ছাড়াও বিভিন্ন উন্নয়ন ফি, প্রশংসাপত্র বিতরণ, সেশন ফিসহ বিভিন্ন ‘খাত’ দেখিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। মিরপুরের মনিপুর স্কুলে উন্নয়নের নামে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন এই প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক। এসব অভিযোগ শুনে শিক্ষামন্ত্রী বলেন, “যারা ভর্তির সময় অতিরিক্ত অর্থ নিয়েছে, অবশ্যই তা ফেরত দিতে হবে অথবা বেতনের সঙ্গে তা সমন্বয় করতে হবে।” “এ সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন আমরা পেয়েছি। প্রতিবেদন যাচাই করে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,” আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/এমআই/১৬৪৫ ঘ.