ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র দেওয়ার বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা কর্মকর্তারা।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক লেফটেনেন্ট কর্নেল এ কে এম আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
"শহিদুজ্জামান বাবু ওরফে শাহেদ নামের একজনকে গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তার করি আমরা। এরপর তার কাছে প্রশ্ন নিতে আসা আরো পাঁচজনকে আটক কারা হয়। তাদের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পাওয়া গেছে।"
এই পাঁচজন হলেন জামিল আহম্মেদ, মো. আমিনুল ইসলাম, তানভীর আহম্মেদ সিদ্দিকী, নূরুন্নবী ও মোহাম্মদ সুজন। তাদের সবাইকে শান্তিনগরে এনএসআই কার্যালয়ে রাখা হয়েছে।
গোয়েন্দা কর্মকর্তা আমিনুল বলেন, "শাহেদ নিজেকে ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র বলে পরিচয় দিয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত দুই চিকিৎসকের নামও বলেছে সে। তাদের ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে।"
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে তাদের কাছে কোনো প্রশ্নপত্র পাওয়া যায়নি।
শুক্রবার সকাল ১০টায় দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এই ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা। ১ ঘণ্টার এই পরীক্ষা হওয়ার কথা ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের ভিত্তিতে।
গত ২৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্রসহ ছাপাখানার এক শ্রমিক গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে তা এক সপ্তাহ পিছিয়ে আনা হয়।
গত ১৩ সেপ্টেম্বর সরকারি একটি ছাপাখানা থেকে গোপনে প্রশ্নপত্র নিয়ে বের হওয়ার সময় ওই শ্রমিককে হাতেনাতে ধরা হয়। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় মোট তিন জনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এনআইএইচ/জেকে/২৩৫১ ঘ.
bdnews24