জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যাপ্ত কক্ষ না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার ও গবেষণাগারের জিনিসপত্র বারান্দায় ফেলে রাখা হয়েছে।
বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, পরিবেশ বিজ্ঞান বিভাগের কক্ষ সংখ্যা মাত্র তিনটি। কক্ষ সঙ্কটে এতদিন তারা জীববিজ্ঞান অনুষদ কার্যালয়ের একটি কক্ষ বিভাগের সেমিনার ও কম্পিউটার ল্যাব হিসেবে ব্যবহার করছিলো।
তবে ২০১১-১২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালনার জন্য জীব বিজ্ঞান অনুষদ কার্যালয় গত ২৪ সেপ্টেম্বর কক্ষটি থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগের মালপত্র বের করে করিডোরে রেখে দেয়।
জীব অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার বলেন, "এক বছর আগে তাদের কক্ষ খালি করার নির্দেশ দেওয়া হয়। কক্ষ খালি না করায় ভর্তি পরীক্ষার কাজ করার জন্য গত ২৪ সেপ্টেম্বর ডিন অফিসের উদ্যোগে কক্ষটি খালি করা হয়েছে।"
পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা জানান, তারা মালামাল সরিয়ে আনার কাজ শুরু করার পরও জীব অনুষদ কর্তৃপক্ষ তাদের সব মালামাল বের করে করিডোরে রেখে দেয়।
বর্তমানে বইয়ের ১৫টি আলমারি বিভাগের মূল ফটকের সামনে করিডোরে পড়ে আছে এবং সাতটি কম্পিউটার বিভিন্ন শিক্ষকের রুমে রাখা হয়েছে।
সেমিনার ও কম্পিউটার ল্যাব না থাকায় লেখাপড়া ও গবেষণার কাজে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
বিভাগের শিক্ষকরা গত রোববার উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সঙ্গে দেখা করে এ সমস্যার কথা জানান। উপাচার্য দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বলে শিক্ষকরা জানান।
বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক ড. শফি মো. তারেক বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ সমস্যার মধ্যে রয়েছি। সমস্যা সমাধানের ক্ষেত্রে উর্ধতন কর্তৃপক্ষের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের কিছু করার নেই।
এ বিষয়ে সংশি¬ষ্ট গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নূরুল আলম বলেন, "উপাচার্যের সাথে আলোচনা করে দেখব কী করা যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১২২৯ ঘ.
bdnews24