চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের ২০ শিক্ষার্থী অর্ডিনেন্স অনুসারে পরীক্ষা দেওয়ার দাবিতে বিভাগীয় সভাপতির কক্ষের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।
পদার্থবিদ্যা বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের এ ২০ শিক্ষার্থী তৃতীয় বর্ষের নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে পারেনি।
তৃতীয় বর্ষের নিয়মিত পরীক্ষা গত বছরের ১৮ জুলাই শুরু হয়।
চবি'র অর্ডিনেন্সে অনুযায়ী শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার পর দুই বার সম্পূরক পরীক্ষা দিতে পারে। কিন্তু এই শিক্ষার্থীরা গত ৭ এপ্রিল প্রথমবার সম্পূরক পরীক্ষায় অংশ নিয়ে আবার অকৃতকার্য হন।
বিভাগের নোটিশ বোর্ডে প্রকাশিত রুটিন থেকে জানা গেছে, ২০০৬-০৭ শিক্ষাবর্ষের দ্বিতীয় সম্পূরক পরীক্ষা না নিয়ে চতুর্থ বর্ষের নিয়মিত পরীক্ষার তারিখ আগামী ১৭ অক্টোবর ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এতে এই ২০ অনুত্তীর্ণ শিক্ষার্থী নিয়মিত পরীক্ষায় অংশ নিতে পারছেন না।
দ্বিতীয়বার সম্পূরক পরীক্ষা এবং ফলাফলের পর চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি পুনঃঘোষণার দাবিতে কর্মসূচি পালন করা হচ্ছে বলে অনশনকারীরা জানান।
আন্দোলন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভাগের শিক্ষক ড. নাসিম হাসান শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী বিভাগের সভাপতি এ সমস্যার সমাধান করতে পারেন।
তবে এ বিষয়ে বিভাগের সভাপতি ম. আদম সফিউল্লাহ'র সাথে যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমআই/১৫৪০ ঘ.
bdnews24