২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েট সাংবাদিক সমিতির জাগরণ উৎসব

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতি ক্যাম্পাসে 'জাগরণ উৎসব-১১' পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 07:01 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতি ক্যাম্পাসে 'জাগরণ উৎসব-১১' পালন করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রার মধ্য দিয়ে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। উৎসবের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল সেমিনার, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনী। শোভাযাত্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মোরশেদুল ইসলাম, শিক্ষক মাধব দীপ, চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মো. সাক্বী কাওসার, চুয়েট ও চবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক এবং চুয়েটের প্রাক্তন সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে চুয়েট মিলনায়তনে অনুষ্ঠিত হয় 'বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার গুরুত্ব' শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি'র যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাধব দীপ। মূল প্রবন্ধের উপর আলোচকরা বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। সাংবাদিকরাই তাদের লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত চিত্র তুলে ধরতে পারেন। এজন্য তাদের সচেতন ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করা হয়। বিকালে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোলা ছবি নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি। উৎসবে দেশের সেরা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও আলোকচিত্রী এবং সেরা চুয়েট প্রতিবেদককে পুরস্কার দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫১ ঘ.