ঢাকা বিশ্ববিদ্যালয়, ২১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দুই জন আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার এবং একজনকে কারণ দর্শাতে বলেছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আহত দুজন হলেন জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (ইতিহাস দ্বিতীয় বর্ষ) এবং মোজাম্মেল হোসেন (ভূগোল প্রথম বর্ষ)। তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা রয়েছে।
আহত দুই ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সূর্যসেন হলের সাধারণ সম্পাদক জিয়াউল হক তুহিনের সমর্থক কয়েকজন ছাত্রলীগ কর্মী সন্ধ্যায় টিএসসি এলাকায় তাদের গালিগালাজ করে। এর প্রতিবাদ করায় সূর্যসেন হল শাখার কর্মী সাইফুর সোহান, শাখাওয়াত হোসেন সাঈদ ও আনিসুর রহমান শিমুলের নেতৃত্বে কয়েকজন মিলে দেলোয়ার ও মোজাম্মেলকে বেল্ট ও লোহার চেন দিয়ে পেটায়।
এ বিষয়ে জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ বলেন, "কোনো কারণ ছাড়াই আমাদের ছেলেদের মারধর করেছে সূর্যসেন হলের তুহিনের কর্মীরা।"
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রাত সাড়ে ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টিএসসির ঘটনায় সাইফুর সোহান ও শাখাওয়াত হোসেন সাঈদকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া শিমুলকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে।
মেহেদী বলেন, "ছাত্রলীগ কখনো বিশৃঙ্খলা মেনে নেয় না। দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০৫৮ ঘ.
bdnews24