ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রবাসে দুইপক্ষের মারামারিতে আহত রাইসুল ইসলাম রাহিদ (১৮) ঘটনার ছয় দিন পর হাসপাতালে মারা গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে পলিটেকনিকের লতিফ ছাত্রবাসে খাবার নিয়ে দুই পক্ষের মারামারিতে রাহিদ আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে পরে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়।
রাহিদের মামা আবুল ফারহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ভাগ্নে সিভিল ইঞ্জিনিয়ারিং চতুর্থ বর্ষের ছাত্র ছিল। লতিফ ছাত্রাবাসের ৩২১ নম্বর কক্ষে থাকতেন তিনি।
দুই ভাই এক বোনের মধ্যে রাহিদ বড়। তার বাবার নাম মো. মোসলে উদ্দিন, গ্রামের বাড়ি লক্ষ্মিপুরে।
এসআই শামছুল জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২৩২৮ ঘ.
bdnews24