খুলনা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কলেজের অধ্যক্ষ ডা. কাজী হামিদ আজগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে।
তবে পরীক্ষর্থীরা ইচ্ছে করলে হলে অবস্থান করতে পারবে বলে জানান তিনি।
ক্যাম্পাসে শহীদ মিনার স্থাপন এবং শিক্ষকসংকট ও লাইব্রেরির স্থানস্বল্পতা দূর করা, ছাত্রীদের নিরাপত্তা দেওয়াসহ সাত দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। শনিবার তারা কলেজের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়।
এই পরিপ্রেক্ষিতে রোববার সকালে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা বসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৫২৮ ঘ.
bdnews24