গাজীপুর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০৭ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে রোববার বিকালে চাকরিচ্যুতির নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে চাকরিচ্যুতির প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা সোমবারও বিাক্ষাভ সমাবেশ করে।
'চাকরি রক্ষা কমিটি'র ব্যনারে রোববারও তারা ক্যাম্পাসে বিক্ষোভ, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে ৮২১ জনকে নিয়োগ দেওয়ায় হাইকোর্ট তাদের নিয়োগ অবৈধ ঘোষণা করে। এরপর শনিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় তাদের চাকরিচ্যুত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী বলেন, কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও ধর্মঘট করায় কাজকর্মে কিছুটা অসুবিধা হচ্ছে। চলমান পরিস্থিতি নিয়ে সোমবার বিকালে ঢাকা অফিসে বিভাগীয় প্রধানদের সঙ্গে এক জরুরি বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকের পরই পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
চাকরিচ্যুতির জন্য ৮২১ জনের মধ্যে ৮০৭ জনের তালিকা প্রকাশের ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান, এ তালিকায় নামের আরো সংযোজন ও বিয়োজন হতে পারে।
সকাল সাড়ে ১০টা থেকে তারা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট করে।
চাকরি রক্ষা কমিটির আহবায়ক উপ রেজিস্ট্রার মো. নুরুল আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্য সচিব মিয়া হোসেন রানা, রেজাউল হাসান চৌধুরী, ড. মো. শাহ আলম, ড. ফকির রফিকুল আলম, সালেহা বেগম লিপি, মো. সানাউল্লা মিয়া, বিল্লাল হোসেন, আলমগীর সরকার, রবিউল ইসলাম প্রমুখ।
নুরুল আমিন জানান, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ওই মামলার রায়ের বিরুদ্ধে শিগগিরই সুপ্রিম কোর্টে আপিল করা হবে।
আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ না করার দাবি জানান তিনি।
সমাবেশে সদস্য সচিব মিয়া হোসেন রানা বলেন, আদালতের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। নিয়মানুযায়ী বিবাদীদের আপিল করার কথা থাকলেও তা করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি কর্তৃপক্ষকে আপিল করার দাবি জানান।
সকাল থেকে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ অবস্থান করছিল। বিশ্ববিদ্যালয়ে বিরাজ করেছে থমথমে অবস্থা। বিভিন্ন শাখায় তেমন কোনো কাজকর্ম হয়নি।
২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত সময়ে এ কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ অবৈধ ঘোষণা করতে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া (বর্তমান সরকারদলীয় সংসদ সদস্য) ২০০৪ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।
২০০৬ সালে হাইকোর্টের একটি বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দিয়েছিলো। পরে গাজীপুরের সংসদ সদস্য আকম মোজম্মেল হক ২০১০ সালের ১৫ ডিসেম্বর একটি রিভিউ আবেদন করেন। ওই আবেদনে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ ৮২১ জনকে চাকরিচ্যুত করার আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৪ ঘ.
bdnews24