২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নিবন্ধন বিধিমালা

ত্রিশ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষকের বাধ্যবাধকতা রেখে বেসরকারি প্রাথমিক (বাংলা ও ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন বিধিমালা-২০১১ জারি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 09:33 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিশ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষকের বাধ্যবাধকতা রেখে বেসরকারি প্রাথমিক (বাংলা ও ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন বিধিমালা-২০১১ জারি করেছে সরকার। এ বিধিমালা অনুযায়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পুরোপুরি বিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করতে হবে। এছাড়া প্রতিটি বিদ্যালয়ের জন্য 'বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংরক্ষিত তহবিল' এবং 'বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ তহবিল' নামে দুটো তহবিল রাখা বাধ্যবাধকতা করা হয়েছে। সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিদ্যালয় নিবন্ধন বেসরকারি প্রাথমিক (বাংলা ও ইংরেজি মাধ্যম) বিদ্যালয় নিবন্ধন বিধিমালা-২০১১ অনুযায়ী, নিবন্ধনের প্রাথমিক অনুমতির জন্য মেট্টোপলিটন ও বিভাগীয় শহরের বিদ্যালয়গুলোকে পাঁচ হাজার, জেলা শহরে তিন হাজার এবং উপজেলা সদরসহ অন্যান্য স্থানের স্কুলগুলোকে দুই হাজার টাকা দিয়ে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদনের ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় উপ-পরিচালক কাজগপত্র যাচাইবাছাই করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে। সব ঠিক থাকলে মন্ত্রণালয়ের মূল্যায়ন কমিটি সংশ্লিষ্ট বিদ্যালয়কে এক বছরের জন্য প্রাথমিক অনুমতি দেবে। প্রাথমিক অনুমতি পাওয়ার এক বছরের মধ্যে অস্থায়ী নিবন্ধনের জন্য আবেদন করতে হবে স্কুলগুলোকে। এক্ষেত্রে মেট্রোপলিটন ও বিভাগীয় শহরের বিদ্যালয়কে ছয় হাজার, জেলা শহরের চার হাজার এবং উপজেলা সদরসহ অন্যান্য স্থানের বিদ্যালয়কে তিন হাজার টাকা দিয়ে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। নিবন্ধকারী কর্তৃপক্ষ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ভর্তি, উপস্থিতি, প্রাথমিক শিক্ষা সমাপনী চক্রের হার, সমাপনী পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিদ্যালয় সরেজিমন পরিদর্শন করে তিন বছরের জন্য অস্থায়ী নিবন্ধন দেবে। অস্থায়ী নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন আগে স্থায়ী নিবন্ধনের আবেদন করতে হবে। এক্ষেত্রে মেট্রোপলিটন ও বিভাগীয় শহরের বিদ্যালয়কে ১২ হাজার, জেলা শহরে আট হাজার এবং উপজেলা সদরসহ অন্যান্য স্থানের স্কুলগুলোকে ছয় হাজার টাকা দিয়ে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। পাঁচ বছরের জন্য স্থায়ী নিবন্ধন দেওয়ার আগে ছাত্রছাত্রী ভর্তি, উপস্থিতি, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল, প্রাথমিক শিক্ষা সমাপনী চক্রের হারসহ অন্যান্য বিষয় বিবেচনা করা হবে। স্থায়ী নিবন্ধন পাওয়ার পর আগের অর্ধেক ফি জমা দিয়ে পাঁচ বছর পর পর তা নবায়ন করা যাবে। বেসরকারি বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে অবশ্যই তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করে পাঠদান শুরু করতে হবে। ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রত্যেক বিদ্যালয়ে নয় সদস্যের একটি ব্যবস্থাপনা কমিটি থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে নিবন্ধন বিধিমালায়। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে ওই কমিটির সদস্য সচিব হবেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে একজন, 'মেধাবী' শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে থেকে একজন এবং অন্যান্য শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে থেকে কমিটিতে দুই জন প্রতিনিধি রাখতে হবে। এছাড়া উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা তিনজন প্রতিনিধি মনোনীত করতে পারবেন। অন্য প্রতিনিধি হবেন পার্শ্ববর্তী নিকটতম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে বিদ্যালয়ের উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতার সংখ্যা তিন জনের বেশি হলে তাদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে হবে। তহবিল নিবন্ধন নীতিমালা অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে একটি সংরক্ষিত এবং একটি সাধারণ তহবিল রাখতে হবে। সংরক্ষিত তহবিলের নাম হবে 'বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংরক্ষিত তহবিল'। এ তহবিলে মেট্রোপলিটন এলাকার বিদ্যালয়ের জন্য এক লাখ, জেলা সদরে ৭৫ হাজার, উপজেলা সদর ও পৌরসভায় ৫০ হাজার এবং ইউনিয়ন পর্যায়ে অবস্থিত বিদ্যালয়ের জন্য ২৫ হাজার টাকা রাখতে হবে। নিবন্ধন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এ তহবিলের অর্থ ওঠানো যাবে না। আর শিক্ষার্থীদের বেতন-ভাতা, সরকারি-বেসরকারি অনুদান এবং অন্য উৎস থেকে আয়ের অর্থ সংরক্ষিত থাকবে সাধারণ তহবিলে। ব্যক্তির নামে স্থাপিত বিদ্যালয়ের ক্ষেত্রে তিন লাখ টাকা বিদ্যালয়ের স্থায়ী আমানত হিসেবে সংরক্ষিত তহবিলে জমা রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে এই বিধিমালায়। ছাত্র-শিক্ষক অনুপাত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি ৩০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকতে হবে। কোনো শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা ৩০ জনের বেশি হলে শাখা খোলা যাবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য কমপক্ষে ছয় জন শিক্ষক নিয়োগ করতে হবে। এদের মধ্যে তিন জন হবে মহিলা শিক্ষক। ভূমি ও ভবন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য নিজস্ব মালিকানায় অথবা ভাড়ায় মেট্রোপলিটন এলাকার জন্য আট শতাংশ, পৌরসভা এলাকায় ১২ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৩০ শতাংশ জমি থাকতে হবে। এ জমিতে কমপক্ষে তিন হাজার বর্গফুটের মধ্যে ছয় কক্ষ বিশিষ্ট ভবন থাকতে হবে। তবে কোনো বিদ্যালয়ে নিু মাধ্যমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ও সমমানের পাঠদানের সুযোগ থাকলে ওই বিদ্যালয়ের ভবনরে আয়তন হতে হবে ১৫ হাজার বর্গফুট। নিু মাধ্যমিক ও মাধ্যমিক বা সমমানের পাঠদানের সুযোগ থাকলে ভবনের আয়তন হতে হবে নয় হাজার বর্গফুট। প্রত্যেক বিদ্যালয়ে একটি করে গ্রন্থাগার, বিশুদ্ধ পানি ও টয়লেটের ব্যবস্থা, ইংরেজি ভাষা ও তথ্য প্রযুক্তির উপর গুরুত্বারোপ, চিকিৎসা, খেলাধুলা সামগ্রী, শিক্ষা সফর ও বনভোজনের ব্যবস্থা এবং জাতীয় কর্মসূচিতে বাধ্যতামূলক অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে নিবন্ধন বিধিমালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/০৩২৩ ঘ.