ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, এতে বাংলাদেশের ১ কোটি ৬৫ লাখ শিশু উপকৃত হবে বলে মনে করছে সংস্থাটি।
শনিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার অর্থ সহায়তায় অনুমোদনের বিষয়টি জানানো হয়।
'তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি'র আওতায় বিশ্বব্যাংকের দেওয়া এ অর্থ প্রধানত শিক্ষকদের প্রশিক্ষণ কাজে ব্যবহার হবে। এছাড়া শিক্ষাবর্ষের শুরুতে প্রাথমিক শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দিতেও এ অর্থ কাজে লাগানো হবে।
প্রাথমিক শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের কাজে সন্তোষ প্রকাশ করে বিশ্বব্যাংক বলছে, সবার জন্য শিক্ষা- সরকারের এ কার্যক্রম এগিয়ে নিতে বিশ্বব্যাংক প্রতিশ্র"তিবদ্ধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১ কোটি ৬৫ লাশ শিশু রয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করে।
ঢাকায় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন বলেন, "এখন আমরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং এতে অংশ গ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে সরকারের সঙ্গে কাজ করছি। এ অর্থ সহায়তা তারই স্বাক্ষর।"
বিশ্বব্যাংকের দেওয়া এ অর্থ ৪০ বছরে বাংলাদেশকে শোধ করতে হবে। এর সুদের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। এর গ্রেস পিরিয়ড হবে ১০ বছর, অর্থাৎ ৪০ বছরের পর আরো ১০ বছর পর্যন্ত আগের হারেই ঋণ পরিশোধের সুযোগ পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২৩৫ ঘ.
bdnews24