ঢাকা বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার টেবুলেশন শিট নকল করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দুই শিক্ষককে দুই বছর টেবুলেশন সিট দেখা এবং পরীক্ষা কমিটির দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
এছাড়া পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ের বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজগুলোর ৪৫ শিক্ষার্থীকে বিভিন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান।
তিনি জানান, শৃঙ্খলা উপ-কমিটির সুপারিশ অনুযায়ী এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতি চার মাস পরপর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভা হয়।
শৃঙ্খলা পরিষদের সভাপতি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে শৃঙ্খলা পরিষদের সভায় উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৫৭ ঘ.
bdnews24