২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহকারীরা পদত্যাগপত্র প্রত্যাহার করলেও করেননি চবি প্রক্টর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন সহকারী প্রক্টর তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলেও প্রক্টর তার পদত্যাগপত্র প্রত্যাহার করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন সহকারী প্রক্টর তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করে নিলেও প্রক্টর তার পদত্যাগপত্র প্রত্যাহার করেননি। ছাত্রলীগকর্মীদের দুর্ব্যবহারে মঙ্গলবার প্রক্টর ও তিন সহকারী প্রক্টর পদত্যাগপত্র দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে নিবন্ধকের কাছ থেকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন তিন সহকারী প্রক্টর। তারা হলেন- পরিসংখ্যান বিভাগের মো. মঞ্জুর মোর্শেদ, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মো. মঈনুল ইসলাম ও প্রাচ্যভাষা বিভাগের শিপক কৃষ্ণ দেবনাথ। সহকারী প্রক্টর মঈনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক সঙ্গে প্রক্টরিয়াল বডি থেকে চার জন পদত্যাগ করলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা হবে এবং উপাচার্যের অনুরোধে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছি।" চবির ভারপ্রাপ্ত নিবন্ধক অধ্যাপক সফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগ নেতা-কর্মীরা উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরদের কাছে ক্ষমা চেয়েছে। পরবর্তীতে আলোচনার মাধ্যমে তিন সহকারী প্রক্টর পদত্যাগপত্র প্রত্যাহার করেন।" তবে প্রক্টর ড. মোহাম্মদ আকতার হোসেন পদত্যাগপত্র প্রত্যাহার করেনি বলে নিবন্ধক জানান। প্রক্টর আকতার হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমইউএস/১৭৪৬ ঘ.