২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক সঙ্কটে জগন্নাথ

পক্ষকাল আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি ৫১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ছিলেন এক জন। আদালতের একটি আদেশে ১৬৮ জন শিক্ষককে চলে যেতে হওয়ায় এখন সে অনুপাত দাঁড়িয়েছে ৮২:১। ফলে শিক্ষক সঙ্কটে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 04:34 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

মোবারক হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- পক্ষকাল আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি ৫১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ছিলেন এক জন। আদালতের একটি আদেশে ১৬৮ জন শিক্ষককে চলে যেতে হওয়ায় এখন তা দাঁড়িয়েছে ৮২:১। ফলে শিক্ষক সঙ্কটে বিপর্যস্ত শিক্ষা কার্যক্রম। প্রেষণে থাকা ১৬৮ শিক্ষকের আপিল আবেদন খারিজ হয়ে যাওয়ায় তাদের বিশ্ববিদ্যালয় ছাড়ার নোটিস দিয়েছে কর্তৃপক্ষ। গত ২৪ জুলাই উচ্চ আদালতে তাদের আপিলের আবেদন খারিজ করে। এর পর দিন থেকে নোটিস পাওয়া শিক্ষকরা শিক্ষা অধিদপ্তরে (ডিজি) যোগ দিয়েছেন। ঢাকার সদরঘাটে অবস্থিত কালের সাক্ষী জগন্নাথ কলেজ ২০০৫ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানের এর শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৭৬৬ জন। ১৬৮ জন শিক্ষক বিদায় নেওয়ার পর শিক্ষক রয়েছেন ২৭৫ জন। হঠাৎ এত শিক্ষকের বিদায়ে হিমশিম খাচ্ছে বিভাগগুলো। শিক্ষক সঙ্কটের কারণে শিক্ষার্থীদের উদ্বেগ গ্রাস করছে অভিভাবকদেরও। পরিসংখ্যান বিভাগের ছাত্র মো. শফিকুল ইসলামের বাবা মো. ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষক সঙ্কটে একাডেমিক কার্যক্রম যেমন বিপর্যস্ত হচ্ছে, তেমনি সেশনজট পিষে মারছে শিক্ষার্থীদের স্বপ্নকে। কখন আমাদের ছেলেমেয়েরা পাস করে বের হবে, তা নিয়ে সংশয়ে আছি।" তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেজবাহ উদ্দিন আহম্মেদ সাময়িক সঙ্কটের কথা স্বীকার করলেও পাঠদান ব্যাহত হওয়ার বিষয়টি মানতে নারাজ। তিনি বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, "সব বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা হয়েছে। কোনো বিভাগে একাডেমিক কার্যক্রমের ব্যাঘাত ঘটছে না।" বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. ওয়াহিদুজ্জামান অবশ্য বললেন, সেপ্টেম্বরের মধ্যে আরো ১০০ শিক্ষক নিয়োগ হচ্ছে। এতে শিক্ষক সঙ্কট অনেকটাই কেটে যাবে বলে আশা করছেন তিনি। উপাচার্য জানালেন, এ বছরের মধ্যে আরো ২০০ জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। শিক্ষকের স্বল্পতার পাশাপাশি জ্যেষ্ঠ শিক্ষকের সঙ্কট আরো প্রকট। বর্তমানে যে ২৭৫ জন শিক্ষক রয়েছেন, তার মাত্র ২৯ জন অধ্যাপক। হিসেব করলে, ৭৯৪ জন শিক্ষার্থীর বিপরীতে এক জন অধ্যাপক রয়েছেন। দুই বার বিজ্ঞপ্তি দিয়েও অভিজ্ঞ শিক্ষকের সঙ্কট মেটাতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২৯টি বিভাগের প্রতিটিতে সর্বোচ্চ ১৪ এবং সর্বনিু ছয় জন শিক্ষক রয়েছেন। বাংলা, ভূগোল, পরিবেশ বিজ্ঞান, মনোবিজ্ঞান, নৃ-বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, প্রাণীবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান বিভাগে কোনো অধ্যাপক নেই। সহকারী ও সহযোগী অধ্যাপকরাই চালাচ্ছেন এ সব বিভাগ। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাপক ছাড়া কোনো বিভাগ চললে সেখানে শিক্ষার মান নিয়ে প্রশ্ন থেকে যায়। তাই অবিলম্বে এসব বিভাগে অধ্যাপক নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করা উচিত।" বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১০২৮ ঘ.