রাজশাহী, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর চোখে ক্ষতিকারক তরল নিক্ষেপের ঘটনায় তার এক সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে সাব্বির আহম্মেদকে স্কুল থেকে আটক করা হয়। সে নগরীর মাস্টাপাড়া এলাকার পিয়ার আলীর ছেলে।
শনিবার মডেল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীর ছাত্রী তানজিলা ইসলামের চোখে দুই যুবক ক্ষতিকারক তরল পদার্থ ছুড়ে মারে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় তানজিলার বাবা তরিকুল আলম কারো নাম উল্লেখ না করে বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ওই তরলে আক্রান্ত হওয়ার পর থেকে সানজিদা দূরের কিছু দেখতে পারছে না।
বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে সাব্বির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার কথা স্বীকার করেছে। তবে তরল পদার্থ ছোড়ার কথা স্বীকার করেনি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান তানজিলা আলম জানান, এসিড বা কোনো দাহ্য পদার্থ ছোড়া হয়নি। অন্য কোনো তরল পদার্থ নিক্ষেপ করা হয়েছে।
নিয়মিত ওষুধ ব্যবহারে সমস্যা ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮১৩ ঘ.
bdnews24