২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবারই ভর্তির সুযোগ হবে: নাহিদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের কারো উচ্চ শিক্ষায় আসন সঙ্কটে পড়তে হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 10:36 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের কারো উচ্চ শিক্ষায় আসন সঙ্কটে পড়তে হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার দুপুরে শিক্ষামন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, "কৃতকার্য সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ-বিশ্ববিদ্যালয়, অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট এবং ডিগ্রিতে ভর্তি হতে পারবে। কারো সমস্যা হবে না। উত্তীর্ণের চেয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসন বেশি রয়েছে।" গত বছর ভর্তির পরও কলেজগুলোতে আড়াই লাখ আসন ফাঁকা রয়েছে বলে জানান তিনি। এবার আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড ও ডিআইবিএস পরীক্ষায় ৫ লাখ ৭৪ হাজার ২৬১ জন উত্তীর্ণ হয়েছেন, যা গত বছরের চেয়ে ৪০ হাজার ৮৯২ জন বেশি। ফলাফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, মান বৃদ্ধির সূচকে সব ক্ষেত্রেই ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। মোট পরীক্ষার্থী বাড়ার পাশাপাশি অনুত্তীর্ণ পরীক্ষার্থীর হার কমেছে, বেড়েছে গড় পাসের হার। এবার উত্তীর্ণের হার ৭৫ দশমিক ০৮ শতাংশ, গতবারের চেয়ে যা শূন্য দশমিক ৮ ভাগ বেশি। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৯ হাজার ৭৫৯ জন, যা আগেরবারের চেয়ে প্রায় ১১ হাজার বেশি। প্রথমবারের মতো দেশসেরা ও বোর্ডভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের পাশাপাশি প্রতি জেলার পাঁচটি সেরা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। ফল বিবেচনায় শহরের বাইরের শিক্ষা প্রতিষ্ঠাগুলোর ভালো করার কথা জানিয়ে নাহিদ বলেন, ৯১ শতাংশের বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা একটি কমেছে বলেও জানান তিনি। "সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি করতে পারলে এ সংখ্যা আরো কমে যাবে। এ ব্যাপারে মন্ত্রণালয় কাজ করছে। তবে শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য পদক্ষেপ নেওয়া হবে।" মাদ্রাসা বোর্ড পাসের হার অন্য বছরের মতো এবারো বেশি হওয়া প্রসঙ্গে নাহিদ বলেন, "ওরা ভালো পরীক্ষা দিয়েছে, তাই ফলাফলও ভালো হয়েছে।" কারিগরি শিক্ষার প্রতি ছাত্রছাত্রীরা আকৃষ্ট হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ বোর্ড থেকে ৫২ হাজার ৬৬২ জন শিক্ষার্থী পাস করেছে, যা গতবারের চেয়ে ১ দশমিক ৫৭ শতাংশ বেশি। অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি আলাদা নজর দেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "যেসব বিষয়ে অধিক গুরত্ব দেওয়া দরকার সেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। স্কুল পর্যায়ে ইংরেজি ও গণিতে ফেলের হার বেশি থাকায় ওই দুটি বিষয়ে অতিরিক্ত ক্লাস নেওয়া হচ্ছে। আগেই ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী বললেন, তদন্ত হবে ঘোষণার আগেই একটি জাতীয় দৈনিকে ফলাফল প্রকাশের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার দৈনিক কালের কণ্ঠে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ওপর আগাম সংবাদ প্রকাশ করা হয়। তবে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয় বুধবার বেলা সাড়ে ১২টায়। এ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, "ঘোষণার আগেই পত্রিকায় ফল প্রকাশ হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের অবশ্যই খুঁজে বের করা হবে।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নোমান উর রশীদ, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফাহিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৬৩০ ঘ.