ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য, শিশুবান্ধব শ্রেণীকক্ষের অভাবসহ ১১টি কারণে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ছে বলে জেলা প্রশাসকদের (ডিসি) জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন।
মঙ্গলবার বিকেলে ডিসি সম্মেলনে মন্ত্রী পর্যায়ের প্রথম অধিবেশনে প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষা ও বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
অন্যদিকে কোচিং বন্ধ করা, প্রত্যেক উপজেলায় একটি করে পরীক্ষা কেন্দ্র দেওয়া, পরিচালনা পর্যদে গতিশীলতা আনা, কম্পিউটার সুবিধাসহ 'স্মার্ট স্কুল' প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানান ডিসিরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল ১০টায় তার কার্যালয়ের শাপলা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেন। এবারের সম্মেলনে ৩২১টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকের জানান, স্কুলে মিড ডে মিল চালু করার জন্য সমাজের বিত্তশালীদের সম্পৃক্ত করতে ডিসিদের বলা হয়েছে।
তিনি বলেন, মেয়েদের স্কুলে যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, স্কুলের ক্লাস-পরীক্ষা তাদরকি, সার্বিক পরিবেশ উন্নয়ন এবং নতুন প্রজন্মকে দক্ষভাবে গড়ে তোলার জন্য ডিসিদের নেতৃত্বে অন্য কর্মকর্তাদের সম্পৃক্তের পরামর্শ দেওয়া হয়েছে।
কোচিং বন্ধে ডিসিরাও মত দিয়েছেন জানিয়ে নাহিদ বলেন, "সকল স্কুলে সমান পড়াশোনা হয় না। শিক্ষার মান একটি পর্যায়ে নিয়ে কোচিং বন্ধ করা হবে। এ ব্যাপারে জনসচেতনতা তৈরি করা হচ্ছে।"
শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী জানান, স্কুলে মিড ডে মিল চালুর ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হবে। খুলনার একটি স্কুলে মিড ডে মিল চালু করা হয়েছে।
শিক্ষার্থী ঝড়ে পড়ার ১১ কারণ
দারিদ্র, বিদ্যালয়ে অধিক সময় খালি পেটে থাকা, শিশুবান্ধব শ্রেণীকক্ষের অভাব, শিক্ষকদের পাঠদান বুঝতে না পারা, অধিকাংশ শিক্ষার্থীর অভিভাবক নিরক্ষর হওয়া, বিদ্যালয়ে নিরাপদ পানি ও পয়ঃনিস্কাশন সমস্যা, ছেলেমেয়েদের জন্য পৃথক বাথরুমের ব্যবস্থা না থাকা, বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশ না থাকা, পর্যাপ্ত শ্রেণীকক্ষ, আসবাবপত্র এবং সঠিক তদারকির অভাবে প্রাথমিক স্তরের শিক্ষার্থী ঝরে পড়ছে বলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডিসিদের অবহিত করেন।
বর্তমানে ৯৬টি উপজেলায় মিড ডে মিল চালু আছে তথ্য দিয়ে মন্ত্রী বলেন, স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় বিদ্যালয়ে খোলার দিন ৭৫ গ্রাম পরিমাণে ফর্টিফায়েড বিস্কুট প্রতিটি ছাত্র-ছাত্রীকে সরবরাহ করা হচ্ছে। সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে মিড ডে মিল চালু করা হবে।
এছাড়া শিশুদের জন্য আকর্ষণীয় শ্রেণীকক্ষ তৈরি ও সঠিক পদ্বতিতে পাঠদান বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে বলে ডিসিদের জানান মন্ত্রী।
বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে দেড় হাজার বিদ্যালয় স্থাপনের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে ডিসিদের জানানো হয়। এ সব উন্নয়ন কার্যক্রম তদারকি ও গুণগত মান নিশ্চিতকরণের জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চান আফছারুল।
তিনি জানান, দেশের প্রতিটি মডেল বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর সরাবরাহ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২১৫৯ ঘ.
bdnews24