চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয় দুটিতে দুদিন ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে প্রবর্তক মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
এ ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় বুধবার এবং বৃহস্পতিবার সব ক্লাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পাঁচলাইশ থানার ওসি ইসমাইল হোসেন জানান, দুপুরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের দুই শিক্ষার্থী সাইদুর ও সাদিয়ার কথা কাটাকাটি হয়।
পরে বিষয়টি সাদিয়া ওই সড়কের বিপরীত দিকে অবস্থিত বিজিসি ট্রাস্টের শিক্ষার্থী ও তার ভাইকে অবহিত করে। পরে বিজিসি ট্রাস্ট থেকে কিছু ছাত্র এসে সাইদুরকে মারধর করে।
ওসি বলেন, এর জের ধরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর দল বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করে এবং ভবনের বেশ কয়েকটি কাচ ভাংচুর করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৈঠকে বসে পরিস্থিতি স্বাভাবিক করতে দুইদিন ক্লাশ বন্ধের সিদ্ধান্ত নেয় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/পিডি/২১০৮ ঘ.
bdnews24