২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বাস্তবায়নের দাবি

উচ্চশিক্ষা গ্রহণে প্রতারণা ঠেকাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চশিক্ষা গ্রহণে প্রতারণা ঠেকাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে সংগঠনের ঢাকা মহানগর সংসদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। পাশাপাশি দুই দিনের কর্মসূচি দিয়েছে সংগঠনটি। কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শিক্ষা অধিকার চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন এবং বুধবার টিএসসির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে 'উচ্চশিক্ষার দর্শন ও অর্থায়ন: প্রেক্ষিত বেসরকারি বিশ্ববিদ্যালয়' শীর্ষক আলোচনা সভা সভা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হবে মুনাফার উদ্দেশ্য থেকে নয়, এমনকি এর মালিক বলেও কোনো পক্ষ থাকবে না। কিন্তু বাস্তবতা হলো- বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখনো দোকানের মতোই; এমনকি এর মালিক সমিতিও আছে। আইন অনুযায়ী ছয় শতাংশ শিক্ষার্থীকে বিনা খরচে পড়ানোর কথা থাকলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে তা মানা হচ্ছে না। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অভিনু কিবরিয়া ইসলাম ও সাধারণ সম্পাদক পিনাক রায় পিন্টু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৪৬ ঘ.