২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়তে হচ্ছে ১৬৮ শিক্ষককে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিতে হচ্ছে একশ' ৬৮ জন শিক্ষককে। জগন্নাথকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের সময় প্রেষণে নিয়োগ পেয়েছিলেন সেখানে কর্মরত ওই সব শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

জগন্নথা বিশ্ববিদ্যালয়, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিতে হচ্ছে একশ' ৬৮ জন শিক্ষককে। জগন্নাথকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের সময় প্রেষণে নিয়োগ পেয়েছিলেন সেখানে কর্মরত ওই সব শিক্ষক। রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শিক্ষকদের করা লিভ টু আপিল আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়া ছাড়া তাদের আর কোনো বিকল্প থাকছে না। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার শেখ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ রায়ের মধ্য দিয়ে র্দীঘ সাড়ে পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটলো। তিনি জানান, আপিল বিভাগের ১ নং আদালতে শিক্ষকদের করা আপিল আবেদনের শুনানি হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার তানজিমুল আলম ও ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। শিক্ষকদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুল হক ও আব্দুল মতিন খসরু। রেজাউল করিম জানান, ২০০৫ সালে জাতীয় সংসদে আইন পাশ করে সরকারি জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করা হয়। তখন জগন্নাথে কর্মরত দুইশ' ২০ জন শিক্ষককে পাঁচ বছরের চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ৫২ জন শিক্ষক বিভিন্ন সময় অন্যত্র বদলি হন। বিশ্ববিদ্যালয়ে থেকে যাওয়া শিক্ষকদের মধ্যে ২১ জন ছাড়া বাকিরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী নিয়োগ পেতে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে হাইকোর্টে মোট পাঁচটি রিট আবেদন করেন। গত বছর ১০ ও ১১ অগাস্ট শুনানি শেষে তাদের আবেদনগুলো খারিজ হয়ে যায়। তাদের মধ্য থেকে ১২৩ জন শিক্ষক ১৭ অগাস্ট লিভ টু আপিল করেন। শিক্ষার্থীরা মনে করছে, একসঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে ১৬৮ জন শিক্ষক চলে গেলে শিক্ষা কার্যক্রমে এর কিছুটা নেতিবাচক প্রভাব পড়বে। কারণ হিসেবে তারা বলছে, বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার শিক্ষার্থীর জন্য সরাসরি নিয়োগ পাওয়া শিক্ষক আছেন মাত্র দুইশ' ৭২ জন। প্রেষণের শিক্ষিকা ও ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক সেলিনা হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের রায় মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। "গত ছয় মাস বিশ্ববিদ্যালয় থেকে আমরা কোনো বেতন-ভাতা পাইনি। আশা করি আমাদের বেতন-ভাতার বিষয়টির দ্রুত সুরাহা হবে।" বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, প্রেষণে থাকা শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে থাকার আর কোনো আইনি সুযোগ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২১১৩ ঘ.