এস এম রনি
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাসন ও পরিবহন সংকটের মতো নানা সমস্যার মধ্য দিয়ে শিক্ষাজীবন 'চালিয়ে' নিচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। সন্ধ্যা হলেই থাকে না বিদ্যুৎ, সান্ধ্য আইনের ফাঁদে তারা বঞ্চিত লাইব্রেরি সুবিধা থেকেও।
১৯৮৬ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু হওয়া এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজারের বেশি। শুরুতে ছাত্রী ভর্তি করা না হলেও এখন তিন হাজারের বেশি ছাত্রী পড়ছে এখানে। তাদের জন্য আছে দুটি ছাত্রীহল।
শিক্ষার্থীরা জানান, দুটি হলে ৫০০ ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। ফলে অনেককেই গণরুমে বা 'ডাবলিং' করে থাকতে হয়। এরপরও যারা থাকার সুযোগ পান না, তাদের বাধ্য হয়েই থাকতে হচ্ছে ক্যাম্পাস থেকে অনেক দূরে। তাদের আনা-নেওয়ার জন্যও নেই পর্যাপ্ত বাস।
বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ বিভাগের নাঈমা, তাবাচ্ছুমা, ফারজানা, মুনিয়া মুহুসিনা, ইংরেজি বিভাগের রুবিনা, কোহিনুরসহ অনেকেই জানান, হলে সিট বঞ্চিত ছাত্রীরা কুষ্টিয়া-ঝিনাইদহে বাসা ভাড়া নিয়ে 'মেস' করে থাকেন। এ জন্য তাদের প্রতিদিন ৫২ কিলোমিটার পথ অতিক্রম করে আসা-যাওয়া করতে হয়। তাদের জন্য বরাদ্দ রয়েছে মাত্র পাঁচটি বাস, যার মধ্যে কুষ্টিয়ার ছাত্রীদের জন্য তিনটি এবং ঝিনাইদহের ছাত্রীদের জন্য দুটি।
শহর থেকে অনেক দূরে হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্য নেই যথেষ্ট নিরাপত্তাও। পাশের গ্রাম থেকে বিভিন্ন সময় লোকজন এসে ছাত্রীদের লাঞ্ছিত করায় তারা নিরাপত্তাহীনতায় ভোগেন।
মুনিয়া মুহুসিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সান্ধ্য আইন কার্যকার থাকায় এমনিতেই হলের মেয়েরা সন্ধ্যার পর লাইব্রেরিতে পড়তে পারে না। লোডশেডিংয়ের কারণে রাতে প্রায়ই অন্ধকারে থাকতে হয়।
পর্দা টানিয়ে কমন রুম
ছাত্রীরা জানিয়েছেন, ক্যাম্পাসের ফ্যাকাল্টিতে তাদের জন্য কোনো কমন রুমের ব্যবস্থা নেই। ছোট একটা রুমে পর্দা টানিয়ে 'কমন রুম' বানানো হলেও সেখানে প্রায়ই বসার জায়গা থাকে না। শুধু তাই নয়, ছাত্রীদের জন্য নেই কোনো ইনডোর গেমের ব্যবস্থাও।
বাড়ছে অসুস্থতা
ছাত্রীদের সঙ্গে কথা বলে সবচেয়ে গুরুতর যে তথ্য জানা গেছে তা হলো- কমন রুম ছাড়া কোনো বিভাগেই আলাদা টয়লেট নেই। ফলে এই 'ঝামেলা' থেকে পরিত্রাণে অনেকেই পানি পান না করাকে বেছে নিয়েছেন 'উপায়' হিসেবে। ফলে ছাত্রীদের মধ্যে ইউরিন ইনফেকশনসহ বিভিন্ন ধরনের অসুস্থতা দিন দিন বাড়ছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্যাথলজি বিভাগ জানিয়েছে, প্রতি মাসেই ইউরিন ইনফেকশনে আক্রান্ত ছাত্রীরা তাদের কাছে চিকিৎসার জন্য আসছেন।
অর্থনীতি বিভাগের শায়লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমনিতেই আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ার যথেষ্ট সুযোগ পাই না। এর মধ্যে অন্যান্য সুযোগ-সুবিধা আশা করাতো পাপ হয়ে যাবে!"
'ব্যবস্থা দ্রুতই'
ছাত্রীদের নানা সমস্যা নিয়ে উপাচার্য ড. এম আলাউদ্দিনের কাছে জানতে চাওয়া হয় এগুলো নিয়ে তিনি কি ভাবছেন?
জবাবে উপাচার্য বলেন, "মেয়েদের এ সব সমস্যার ব্যাপারে আমি অবহিত। সব সমস্যার সমাধান অতি দ্রুতই হয়ে যাবে। ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০৭ ঘ.
bdnews24