চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেট, একাডেমিক ও ফিন্যান্স কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষকদের 'হলুদ' প্যানেল এবং বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী চেতনায় উদ্বুদ্ধ 'সাদা' প্যানেল।
চবি সমাজ বিজ্ঞান অডিটরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
নির্বাচন কমিশনার ও চবি'র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে সিন্ডিকেটের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক এ চারটি পদে চারজন নির্বাচিত হবেন।
একাডেমিক কাউন্সিলে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে দুইজন করে প্রতিনিধি নির্বাচিত হবেন। এ ছাড়া ফিন্যান্স কমিটিতে একজন অধ্যাপক নির্বাচিত হবেন বলে জানান তিনি।
'হলুদ' প্যানেলের আহ্বায়ক ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ইমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষক অধিকার রক্ষায় আমরা সব সময় সচেষ্ট, তাই এ নির্বাচনেও আমাাদের মূল্যায়ন হবে বলে আশা করি।"
'সাদা' প্যানেলের আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. কে এম গোলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারা দেশে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হলেও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবারও শিক্ষকরা আমাদের মূল্যায়ন করবেন বলে আশা রাখি।"
নির্বাচন কমিশনার জানান, ৩১ জুলাই নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে 'হলুদ' প্যানেল সব ক্যাটাগরিতে মনোনয়নপত্র দাখিল করছে। তবে 'সাদা' প্যানেল সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল'র প্রভাষক পদে মনোনয়নপত্র জমা দেয়নি। এ জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিন্ডিকেটের প্রভাষক নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের নঈম উদ্দিন হাসান আওরঙ্গজেব চৌধুরী এবং একাডেমিক কাউন্সিলের দুই প্রভাষক আইন বিভাগের এম. জসিম আলী চৌধুরী ও ভূগোল পরিবেশবিদ্যা বিভাগের বিশ্বজিত নাথ।
সিন্ডিকেটে প্রার্থী
'হলুদ' প্যানেলে সিন্ডিকেট সদস্য প্রার্থীরা হলেন অধ্যাপক পদে অর্থনীতি বিভাগের ড. ইরশাদ কামাল খান, সহযোগী অধ্যাপক পদার্থবিদ্যা বিভাগের নাসিম হাসান এবং সহকারী অধ্যাপক লোক প্রশাসন বিভাগের এস এম খসরুল আলম কুদ্দুসী।
'সাদা' প্যানেলে অধ্যাপক পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের ড. আ ন ম মুনির আহমদ, সহযোগী অধ্যাপক সামুদ্রিক বিজ্ঞান ও ফিশারিজ ইনস্টিটিউটের ড. শাহাদাত হোসেন এবং সহকারী অধ্যাপক নৃবিজ্ঞানের আনোয়র হোসেন প্রতিদ্বদ্বিতা করছেন।
একাডেমিক কাউন্সিলে প্রার্থী
একাডেমিক কাউন্সিলে 'হলুদ' প্যানেলের দুই সহযোগী অধ্যাপক প্রার্থী হলেন- ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ড. মো. জামাল উদ্দিন ও ম্যানেজম্যান্ট বিভাগের ড. সাহিদুর রহমান। অন্যদিকে দুই সহকারী অধ্যাপক পদে প্রার্থী হলেন মার্কেটিং বিভাগের দীপান্বিতা ভট্টাচার্য্য ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মীর সাইফুদ্দিন খালেদ চৌধুরী।
'সাদা' প্যানেলের দুই সহযোগী অধ্যাপক পদে প্রার্থী হলেন- উদ্ভিদবিদ্যা বিভাগের মোশারফ হোসন ও রসায়ন বিভাগের নাসির উদ্দিন। দুই সহকারী অধ্যাপক পদে প্রার্থীরা হলেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের মো. ইকবাল সরোয়ার ও মার্কেটিং বিভাগের শহীদ সরওয়ার্দী।
ফিন্যান্সে প্রার্থী
ফিন্যান্স কমিটিতে 'হলুদ' প্যানেলে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলী আশরাফ ও 'সাদা' প্যানেলে ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. সালেহ জহুর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনার ভারপ্রাপ্ত রেজিস্ট্রর অধ্যাপক ড. মো. সফিউল আলম বলেন, এবার নির্বাচনে বিভিন্ন ক্যাগরিতে মোট ৫৪৮ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করবেন।
২৬ ও ৩০ জুলাই ১১টা থেকে একটা পর্যন্ত শিক্ষক সমিতির অফিসে অগ্রিম ভোট নেওয়া হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২১৪২ ঘ.
bdnews24