২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রলীগের মারামারি

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে অন্তত ১১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2011, 05:32 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের মারামারিতে অন্তত ১১ জন আহত হয়েছে। শনিবার মধ্যরাতে আলাউদ্দিন ছাত্রবাসে এ মারামারি হয় বলে পুলিশ ও ছাত্রাবাসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানিয়েছে। মারামারির কারণ নিয়ে অবশ্য দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। বংশাল থানার ওসি জমিরউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে মারামারি শুরু হয়। পরে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়। ওই ছাত্রাবাসে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী ও লিউ ক্লাবের সদস্য ছাত্রলীগকর্মীদের মধ্যে রেশারেশি চলছিলো। তা থেকেই মারামারি বাঁধে বলে ওসি জানান। তবে হোস্টেল সুপার সামিউল ইসলাম সাদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রাবাসে ছাত্রলীগের একটি কমিটি গঠনের কথা ছিলো। তা বাধাগ্রস্ত করতেই একটি অংশ মারামারি বাঁধায়। মারামারিতে আহতরা হলেন- সাখাওয়াত হোসেন, আমিনুর রহমান, বিপ্লব, রকি, প্রকাশ, সুজন, নোমান, শাওন দাস, সুমন, হিরা ও মোরশেদ। এদের প্রায় সবাই প্রথম ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাতের এ মারামারির কোনো প্রভাব রোববার কলেজে শিক্ষা কার্যক্রমে দেখা যায়নি। ক্লাস যথারীতি চলতে দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১৩০ ঘ.