২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দয়াগঞ্জে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

মাকে ডাক্তার দেখিয়ে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় রাজধানীর এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন তার মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 06:37 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাকে ডাক্তার দেখিয়ে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় রাজধানীর এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন তার মা। মঙ্গলবার রাতে গেণ্ডারিয়ার দয়াগঞ্জ চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনায় নিহত হন নিম্মাত জাহান নিম্মি (২২)। তিনি ধানমণ্ডির দারুল ইহসান ইউনিভার্সিটিতে বিবিএ'র ছাত্রী ছিলেন। নিম্মির মা নিলুফার ইয়াসমিনকে (৫২) পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি ভোলা জেলায় বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গেণ্ডারিয়া থানার ওসি ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও মেয়ে আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা নিম্মির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। কাভার্ড ভ্যানটিসহ চালক মো. রুবেল (২০) ও সহকারী মো. খোকনকে (১৮) আটক করা হয়েছে বলে জানান তিনি। সোহেল নামে এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, কাভার্ড ভ্যানটি মা নিলুফারের পায়ের উপর দিয়ে যায়। এছাড়া মেয়ের পোশাকের সঙ্গে গাড়িটি আটকে গিয়ে তাকে টেনে অন্তত ২০০ গজ নিয়ে যায়। পরে মানুষের চিৎকারে কর্তব্যরত এক পুলিশ সার্জেন্ট মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে তাদের আটক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/ডিডি/০০২৬ ঘ.