ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাত ও জালিয়াতির অভিযোগে রাজধানীর উত্তরার ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহমেদ ভূইয়াসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে গুলশানের ক্যামব্রিয়ান কলেজের ভাইস চেয়ারম্যান খন্দকার সেলিমা রওশন মামলাটি করেন।
বাদির আইনজীবী আশরাফ উল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক মামলার বিষয় তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য বাড্ডা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বশির আহমেদ এর আগে গুলশানের ক্যামব্রিয়ান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। মামলার অপর আসামিরা হলেন, ক্যামব্রিয়ানের সাবেক (ওই সময়কার) হিসাবরক্ষক মো. সেলিম রেজা ও মো. নাজমুল হুদা।
মামলায় বলা হয়, আসামি ক্যামব্রিয়ানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকা অবস্থায় ২০০৭-২০০৮ সালের বিভিন্ন তারিখে ভুয়া ভাউচারের মাধ্যমে কলেজের ফান্ড থেকে ৫১ লাখ ১৬ হাজার ৪৫১ টাকা প্রতিষ্ঠানের ব্যয় দেখিয়ে আত্মসাত করেন। এতে অপর দুই আসামি তাকে সহযোগিতা করেন।
গত বছরের ২৫ মে আসামিদের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়ে প্রতিষ্ঠানের হিসাব বুঝিয়ে দিতে বলা হলেও তারা তা করেন নি।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৩ জুন বাদি আসামিদের কাছে প্রতিষ্ঠানের পাওনা টাকা চাইলে তা দিতে তারা অস্বীকৃতি জানালে মামলা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৪৩৪ ঘ.
bdnews24