২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শিক্ষকদের আলাদা বেতন স্কেল বিবেচনাধীন'

শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো চালুর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো চালুর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। সরকারি দলের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "বেসরকারি শিক্ষক/কর্মচারীদের টাইম স্কেল দেওয়া হচ্ছে। এছাড়া প্র্রভাষকদের টাইম স্কেল দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।" অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল প্রদানের বিষয়টিও সরকারের বিবেচনাধীন আছে।" এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, সরকার শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল চালু করবে। মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, প্রতিবছর দক্ষ ও মেধাবী শিক্ষক নিয়োগের বিষয়টি অব্যাহত রয়েছে। ১ হাজার ২৬৮টি শূন্য পদ পূরণের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিকেল সোয়া ৫টার পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২০৩৫ ঘ.