২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্ঞান ফেরেনি হাসির, শিক্ষক বরখাস্ত

বিদ্যালয়ের শিক্ষকের থাপ্পরে জ্ঞান হারিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী হাসি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 03:48 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

বরগুনা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যালয়ের শিক্ষকের থাপ্পরে জ্ঞান হারিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী হাসি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুর পর্যন্ত চারদিনে তার জ্ঞান ফেরেনি। হাসপাতালে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমির ছাত্রী হাসিকে থাপ্পর মারার অভিযোগে সোমবার ওই বিদ্যালয়ের বিএসসি শিক্ষক স্বপন মিত্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকার গত ২৬ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের মারধর বা মানসিক নির্যাতন নিষিদ্ধ ঘোষণা করেছে। হাসির মামা গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, হাসিকে সুস্থ করে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। গত বৃহস্পতিবার স্কুল চলাকালে ক্লাসে পড়া না পারায় শিক্ষক স্বপন মিত্র হাসির মাথায় থাপ্পর দেন। শিক্ষকের আঙ্গুলে ছিলো আংটি। থাপ্পর মারার সাথে সাথে হাসি জ্ঞান হারিয়ে পড়ে যায়। প্রাথমিক চিকিৎসায় জ্ঞান না ফেরায় দ্রুত তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিনেও তার জ্ঞান না ফেরায় রোববার সকালে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সোমবার দুপুর পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বার বার বমি করার কারণে আমরা তাকে বরিশালে হাসপাতালে পাঠিয়েছি। তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আবুল বাসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অসাবধানতাবশতঃ এটা হয়েছে। মেয়েটির যাবতীয় চিকিৎসার খরচ আমরা বহন করছি। শিক্ষক স্বপন মিত্রকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৪০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর