২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠা দিবসে ঢাকা বিশ্ববিদ্যলয়ে নানা কর্মসূচি

'জাতীয় উন্নয়নে উচ্চশিক্ষা' এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১ জুলাই উদযাপিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'জাতীয় উন্নয়নে উচ্চশিক্ষা' এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১ জুলাই উদযাপিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেক কাটা ও শোভাযাত্রা, আলোচনা ও স্মৃতিচারণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল পৌনে ৯টায় সব হল থেকে শোভাযাত্রাসহ প্রশাসনিক ভবনে জমায়েত, ৯টায় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও সব হলের পতাকা উত্তোলন, কেক কাটা শোভাযাত্রাসহ টিএসসিতে উপস্থিত, পৌনে ১০টায় টিএসসি মিলনায়তনে আলোচনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে 'জাতীয় উন্নয়নে উচ্চশিক্ষা' শীর্ষক প্রবন্ধ পড়বেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক। এছাড়া দুপুর দেড়টায় বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে গবেষণা ও আবিষ্কার বিষয়ক প্রদর্শনী, দুপুর আড়াইটায় টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সংগঠনের আয়োজনে বিতর্ক অনুষ্ঠান, দুপুর ৩টায় সব বিভাগ ও অনুষদে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান হবে। বিকাল পৌনে ৪টায় টিএসসি মিলনায়তনে গ্র্যান্ডমাস্টার্স র‌্যাপিড দাবা প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ফুটবল এবং বিকাল ৫টায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সংগীত বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিকাল ৫টায় টিএসসি মিলনায়তনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় নাট্যকলা বিভাগের উদ্যোগে নাটক পরিবেশিত হবে। সন্ধ্যা ৭টায় মল চত্বরে ব্যান্ড সঙ্গীত পরিবেশন করা হবে। এছাড়া টিএসসিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে রক্ষিত পাণ্ডুলিপি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২২৪৪ ঘ.