রংপুর, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাসকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে তিনি অক্ষত আছেন।
মঙ্গলবার রাতে ক্যাম্পাসের বাসভবনে এ হামলা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
কোতয়ালি থানার ওসি (তদন্ত) মাহফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অধ্যক্ষের নিরাপত্তার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দীপকেন্দ্র নাথ দাস বলেন, রাত সাড়ে ১০টার দিকে বাসার বারান্দায় পায়চারি করার সময় মোটরসাইকলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। গুলি করার মুহূর্তে ঘরে ঢোকার কারণে তিনি বেঁচে যান।
অধ্যক্ষ দীপকেন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, গত ১৫ মার্চ ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হলে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে কলেজের পাঁচটি ছাত্রহল বন্ধ করে দেওয়া হয়।
হলগুলোতে ছাত্র শিবিরের প্রভাব বরাবরই বেশি। বন্ধ হওয়ায় শিবিরের কর্মকা-ে ব্যাঘাত ঘটায় তারা হলগুলো খুলে দেওয়ার জন্য বারবার দাবি জানিয়ে আসছিল। কিন্তু অধ্যক্ষ তাতে সায় দেননি।
এর জেরে সোমবার শিবিরের কলেজ শাখা সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক রাজীবুর রহমান পলাশ, জিএল হলের সভাপতি আল আমিনের নেতৃত্বে ৭০/৮০ জন ছাত্র তার কক্ষে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
ওই রাতেই অধ্যক্ষ তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা করেন।
ধারণা করা হচ্ছে এর জেরে প্রাণনাশের উদ্দেশ্যে তার উপর গুলি চালানো হয়, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৬ ঘ.
bdnews24