চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠনের মধ্যে পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি।
সোমবার সকালে চবি'র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনের কাছে এ প্রতিবেদন জমা দেন কমিটির আহ্বায়ক এবং ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর শিক্ষক ড. মোহাম্মদ আল-আমীন।
নির্ধারিত ২৫ কর্মদিবসের মধ্যে ১৮ দিনের মাথায় এ প্রতিবেদন জমা দিল কমিটি।
গত ২৯ এপ্রিল চবি'র শাহ আমানত হলের মাঠে ছাত্রলীগ সমর্থিত শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন দুটির মধ্যে সংঘর্ষের ঘটনায় চবি ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহরাব হোসেনসহ তিনজন আহত হন ।
পরদিন ৩০ এপ্রিল আবারও তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সৌমেন দাশসহ দুজন আহত হন।
চার সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আল-আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত কমিটির অপর তিন সদস্যের উপস্থিতিতে প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দেওয়া হয়।
প্রতিবেদনে ছাত্রদের কাউন্সেলিং, সংঘর্ষে জড়িতদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদানসহ সাতটি সুপারিশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে সিন্ডিকেটের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ড. আল-আমীন আরো বলেন, তদন্ত কমিটি বিভিন্ন জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সংঘর্ষের কারণসহ বিভিন্ন বিষয় চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে এতে।
সংঘর্ষে লিপ্ত হওয়া দুটি গ্র"পই ক্ষমতাসীন দল সমর্থক সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
বগিভিত্তিক গ্র"প 'চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার' (সিএফসি) এর সদস্য এবং 'ভার্সিটি এক্সপ্রেস' (ভিএক্স) গ্র"পের সদস্যদের মধ্যে এসব সংঘর্ষ হয়।
গত ৩০ এপ্রিল সৌমেন দাশসহ দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় অভিযুক্ত এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বেলা ২টার দিকে চবি রেল স্টেশন এলাকা থেকে অমিত কুমার বসু ও অপর ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করা হয়।
গত ২৬ মে অপর একটি তদন্ত কমিটি শাটল ট্রেনের বগিভিত্তিক দুটি সংগঠনের আরেকটি সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেয়। গত ৩০ এপ্রিল 'একাকার', 'উল্কা' ও 'ড্রিম বয়েজ' এর সদস্যদের মধ্যে ওই সংঘর্ষ হয়েছিল।
স
bdnews24