২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক প্রিলিতে একাধিক লিখিতের সুপারিশ

প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের নিযোগ না হওয়া পর্যন্ত পরবর্তী একাধিক বিসিএসে সরাসরি লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দেওয়ার সুপারিশ করেছে পিএসসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ না হওয়া পর্যন্ত একাধিক বিসিএসে লিখিত পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের সুযোগ দেওয়ার সুপারিশ করেছে পিএসসি। রোববার জাতীয় সংসদে উপস্থাপিত ২০১০ সালের বাংলাদেশ কর্ম কমিশনের (বিপিএসসি) বার্ষিক প্রতিবেদনে এ কথা জানানো হয়। সংসদ কার্যে পিএসসি সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ প্রতিবেদন উপস্থাপন করেন। এ সুপারিশ বাস্তবায়ন হলে বিসিএস পরীক্ষায় একবার প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলে ওই বিসিএস'র চূড়ান্ত নিয়োগ না হওয়া পর্যন্ত যত বিসিএসে অংশ নেওয়া সম্ভব হবে সবকয়টিতে সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবে ওই পরীক্ষার্থীরা। বিকেলে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের নবম অধিবেশন শুরু হয়। সাধারণ ও টেকনিক্যালে আলাদা পরীক্ষা টেকনিক্যাল ও সাধারণ ক্যাডারের জন্য আলাদাভাবে পরীক্ষা নেওয়ার সুপারিশ এসেছে পিএসসির বার্ষিক প্রতিবেদনে। এতে বলা হয়, প্রার্থীকে ফরম পূরণের ক্ষেত্রে সাধারণ ও টেকনিক্যাল পছন্দক্রম আলাদাভাবে পূরণ করে দিতে হবে, মিশ্রণ করা যাবে না। অর্থাৎ প্রার্থীকে সাধারণ বা টেকনিক্যাল ক্যাডার- এ দুইয়ের যে কোনো একটিতে অথবা আলাদাভাবে দুইটিতে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। কোটা পদ্ধতি প্রচলিত কোটা পদ্ধতি পর্যালোচনা করে একে যৌক্তিকরণ করার প্রস্তাব করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, প্রচলিত পদ্ধতিতে সাধারণ ক্যাডারের পদগুলো পূরণের ক্ষেত্রে বড় কোনো সমস্যা হয় না। তবে টেকনিক্যাল পদের ক্ষেত্রে প্রাধিকার কোটার বাইরে/সাধারণ শ্রেণীর বহু উত্তীর্ণ প্রার্থী থাকা সত্ত্বেও প্রাধিকার কোটায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় অনেক পদ শূন্য থেকে যায়। কোটা পদ্ধতি পর্যালোচনাকালে এ বিষয়টি বিবেচনায় রাখা সমীচীন হবে বলে মনে করে পিএসসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২০৪৯ ঘ.