২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্ট সংঘর্ষ: ১৯ শিক্ষার্থীর বক্তব্য শুনবে উপ কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালের ছাত্র ও সেনা সদস্যদের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার ১৬ ছাত্রনেতা ও তিন শিক্ষার্থীর বক্তব্য নেবে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপ-কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালের ছাত্র ও সেনা সদস্যদের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার ১৬ ছাত্রনেতা ও তিন শিক্ষার্থীর বক্তব্য নেবে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপ-কমিটি। সংসদীয় উপ-কমিটির আহ্বায়ক রাশেদ খান মেননের একান্ত সচিব নাঈমুল আজম খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরইমধ্যে সংশ্লিদের চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সংসদ ভবনে স্থায়ী কমিটির ২ নম্বর কক্ষে তাদের বক্তব্য শুনবে কমিটি। এই ১৬ জনের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন ও জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৬ জন নেতা রয়েছেন। এর হলেন- ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, সভাপতি বাপ্পাদিত্য বসু, সাধারণ সম্পাদক তানভীর রুসমত ও ঢাবি সভাপতি আব্দুল হামিদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অপর্ণা পাল, সহ সম্পাদক নাজমুল আলম, ঢাবি সভাপতি শেখ সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা মিয়া, ছাত্রদলের ঢাবি শাখার সাবেক সভাপতি হাসান মামুন ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম সজ্জন ও খান আসাদুজ্জামান মাসুম ও মানবেন্দ্র দেব এবং জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুণ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও আজিজুর রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম, দ্বীন ইসলাম ও খোমেনী ইসলামের বক্তব্যও শুনবে সংসদীয় উপ কমিটি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ এর অগাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে সেনা সদস্য ও ছাত্রদের সংঘর্ষের পর সারাদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষকসহ বহু শিক্ষার্থীকে আটক করা হয়। শত শত শিক্ষার্থী সে সময় সেনা সদস্যের নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনা তদন্তে গত বছর অগাস্ট মাসে এ উপ-কমিটি গঠন করা হয়। উপ কমিটি ওই ঘটনার বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদকেও তলব করে চিঠি পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/১৭৩৪ ঘ.