ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারও মাদ্রাসা শিক্ষা বোর্ডে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই সবচেয়ে ভাল ফল করেছে। এ শাখায় ৯২ দশমিক ১৯ শতাংশ পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে।
গত বছর বিজ্ঞান শাখার প্রায় শতকরা ৯৬ জন পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছিলো।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়।
মাদ্রাসা বোর্ডের চারটি শাখার মধ্যে সাধারণ শাখায় ৮২ দশমিক ১১ শতাংশ, মুজাব্বিদ শাখায় ৭৫ দশমিক ০২ শতাংশ এবং উত্তীর্ণের হার সবচেয়ে কম হিফজুল কুরআন শাখায়, ৬৯ দশমিক ২৩।
এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে উত্তীর্ণের শতকরা হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় উত্তীর্ণের হার ৮৩ দশমিক ২৩। গত বছর ছিলো ৮৬ দশমিক ৭০।
এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৫৬ জন। গত বছর পেয়েছিলো ২০ হাজার ৭৫৫ জন।
এ বছর বোর্ডের মোট পরীক্ষার্থী ছিলো ২ লাখ ৩৭ হাজার ৫২৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৬৯৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/২০৪১ ঘ.
bdnews24