২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষামন্ত্রীর সন্তোষএসএসসি ও সমমানে উত্তীর্ণের হার বেড়েছে

২০১১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণের হার ২ শতাংশ বেড়েছে। এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও দাখিলে কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 06:26 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণের হার ২ শতাংশ বেড়েছে। এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও দাখিলে কমেছে। বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। উত্তীর্ণের হার বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "আমাদের শিক্ষার্থীরা মেধাবী। সুষ্ঠু পরিবেশ পেলে তাদের মেধার বিকাশ ঘটে।" ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার উত্তীর্ণের হার ৮২ দশমিক ৩১ শতাংশ, যা গতবারের চেয়ে ২ দশমিক ৩৩ শতাংশ বেশি। গত বছর দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণের হার ছিলো ৭৯ দশমিক ৯৮ শতাংশ। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে উত্তীর্ণের হার ৮২ দশমিক ১৬ শতাংশ। গতবার এ হার ছিলো ৭৮ দশমিক ১৯ শতাংশ। উত্তীর্ণের হার গতবারের চেয়ে ৩ দশমিক ৯৭ শতাংশ বেশি। মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় উত্তীর্ণের হার ৮৩ দশমিক ২৩ শতাংশ। কারিগরী বোর্ডে উত্তীর্ণের হার ৮১ দশমিক ৩৪ শতাংশ। দুই বোর্ডেই উত্তীর্ণের হার কমেছে। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৫ দশমিক ৮৭ শতাংশ। এর মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৭৮৮ জন, দাখিলে পেয়েছে ১২ হাজার ৭৫৬ জন এবং কারিগরী বোর্ডে পেয়েছে ১ হাজার ২০৫ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলো ৮২ হাজার ৯৬১ জন। এর মধ্যে এসএসসিতে পেয়েছিলো ৬২ হাজার ১৩৪ জন। ২ হাজার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ২৮টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৪৯টি। আট শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরী বোর্ডের অধীনে এ পরীক্ষায় ১৩ লাখ ৭ হাজার ১৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৭৫ হাজার ৮৮৬ জন উত্তীর্ণ হয়েছে। বহিষ্কৃত হয়েছে ৬৬৭ জন। সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে উত্তীর্ণের হার ঢাকা বোর্ডে ৮৪ দশমিক ৬৩, রাজশাহী বোর্ডে ৮০ দশমিক ৩২, কুমিল্লা বোর্ডে ৮৫ দশমিক ৮৫, যশোর বোর্ডে ৮৪ দশমিক ০৪, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ২৭, বরিশাল বোর্ডে ৭৮ দশমিক ৩০, সিলেট বোর্ডে ৮১ দশমিক ২৩ ও দিনাজপুর বোর্ডে ৭৭ দশমিক ৪৮ শতাংশ। এসএসসিতে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণের হার ৯০ দশমিক ৭৬ শতাংশ, মানবিকে ৭৪ দশমিক ১৯ এবং ব্যবসায় শিক্ষায় ৮৬ দশমিক ৩৭ শতাংশ। বিদেশের কেন্দ্রগুলোর ২৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। সামগ্রিক ফলাফলে সারাদেশে সবচেয়ে ভালো করেছে ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ বিদ্যালয়ের ৩৯৩ জনের মধ্যে ৩৭৯ জনই জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকারই ভিকারুননিসানূন স্কুল। তৃতীয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। দাখিলে সারাদেশে সবচেয়ে ভালো করেছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। কারিগরী বোর্ডে শীর্ষে রয়েছে ঢাকার ইউসেফ টেকনিক্যাল স্কুল। নিয়মিত পরীক্ষার্থীর হার, উত্তীর্ণের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ মূল্যায়ন করে অর্থাৎ পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে প্রতিটি বোর্ডের ২০টি সেরা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। গত ১ ফেব্র"য়ারি সারাদেশে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। ২ হাজার ১৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৬ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন ছাত্র এবং ৬ লাখ ৩১ হাজার ৭১৮ জন ছাত্রী অংশ নেয়। ছাত্রদের মধ্যে ৫ লাখ ৬৫ হাজার ৭৩৪ জন এবং ছাত্রীদের মধ্যে ৫ লাখ ১০ হাজার ১৫২ জন উত্তীর্ণ হয়েছে। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ হাজার ৮৬০ জন এবং ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৮৯ জন। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশের পাশাপাশি পাঠে আরো মনোযোগী হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গণিত ও ইংরেজি শিক্ষার ওপর জোর দেওয়ার পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণেরও ওপরও গুরুত্ব দেন। অধিবেশন যখন চলবে না, তখন সংসদ টেলিভিশনে শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রীর সন্তোষ ফলাফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফলে মান বৃদ্ধির সূচকে ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। সচিবালয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাসের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে হয়েছে ৮২ দশমিক ৩১। মোট পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি অনুত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীর সংখ্যা কমেছে অনেক, শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। পুরো শিক্ষা ব্যবস্থার জন্য এ তথ্যগুলো খুবই ইতিবাচক। "সব সময় দেখা যায় শহর অঞ্চলে ফলাফল ভালো হয়, কিন্তু এবার গ্রাম অঞ্চলেও ফলাফল ভালো হয়েছে", বলেন তিনি। মাদ্রাসা ও কারিগরী শিক্ষায় উত্তীর্ণের হার কমে যাওয়ার কারণ জানতে চাওয়া হলে নাহিদ বলেন, পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করে এ ব্যাপারে জানানো হবে। তবে তিনি একইসঙ্গে বলেন, মাদ্রাসা বোর্ডে এবারই প্রথম সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় তার প্রভাব পড়তে পারে। এসএসসিতে উত্তীর্ণের হার প্রায় ৪ শতাংশ বেড়ে গেলেও তা উচ্চ মাধ্যমিকে ভর্তিতে সমস্যা তৈরি করবে না বলে মনে করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "গত বছর কলেজগুলোতে ১ লাখ আসন ফাঁকা ছিলো। সবাই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়, আর অন্যদিকে অনেক কলেজ ছাত্র খুঁজে পায় না। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।" উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রয়োজন হলে তা আনা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচএ/এমআই/১৮৫০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর