গাজীপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসের সীমানা প্রাচীরের ভেতর থেকে ফারহানা খানের (৪) লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। সে বিশ্ববিদ্যালয়ের পাশে সালনা রেডিয়াম কিন্ডার গার্র্টেনের প্লে গ্র"পের ছাত্রী। তার বাবা-মা পোশাক শ্রমিক।
ফারহানার মা আবিদা খান সাংবাদিকদের জানান, ফারহানা মঙ্গলবার বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের সীমানা প্রাচীরের ভেতর শিশুর লাশ পড়ে থাকার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর ফারহানার বাবা-মা তার লাশ সনাক্ত করেন।
এসআই জানান, তার মাথা ও মুখে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা শিশুটিকে বাইরে হত্যার পর বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে লাশ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. আনোয়ারুল কবির চৌধুরী সাংবাদিকদের জানান, সীমানা প্রাচীরটি নীচু থাকায় এবং লোডশেডিং ও ঝড়ো হাওয়া চলাকালে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় হয়তো সুযোগ বুঝে দুর্বৃত্তরা শিশুর লাশটি ফেলে রেখে গেছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৫৪ ঘ.
bdnews24