সিলেট, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট শহরতলীর খাদিমনগরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এটিআই) দু'দল ছাত্রের মধ্যে ফের সংঘর্ষ ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনির্দিষ্টকালের জন্য ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববারের সংঘর্ষের জের ধরে সোমবার বিকেলে ছাত্রদের দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানায়, জালালাবাদ ছাত্রাবাসের মেস ম্যানেজার রিজভীর অগোচরে শিক্ষার্থীদের কাছ থেকে খাবারের বিল তুলে আত্মসাৎ করেন ওই ছাত্রাবাসের তানিম। এ নিয়ে রোববার রিজভীর পক্ষ এবং তানিমের পক্ষের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়।
এর জের ধরে সোমবার বিকেলে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।
সংঘর্ষের সময় অধ্যক্ষের কার্যালয় ও ইনস্টিটিউট ভবনে ভাংচুর চালায় উভয় পক্ষের ছাত্ররা।
সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে মাহবুব আলম ও কামরুল ইসলাম নামের দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ আবু হানিফা জানান, ছাত্রদের দুটি পক্ষ একে অপরের বিরুদ্ধে খাবারের টাকা আত্মসাতের অভিযোগ করেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।
তিনি জানান, এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনির্দিষ্টকালের জন্য ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করা হয়েছে।
সিলেট কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত জানান, ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৪৭ ঘ.
bdnews24