ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগে কথিত দলীয়করণ বন্ধ, হল-ক্যাম্পাসে দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিতসহ সাত দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের ফোরাম 'সাদা দল'।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিদেশে থাকায় তার দপ্তরের উপ-রেজিস্ট্রার শাহজাহান হাওলাদার স্মারকলিপি গ্রহণ করেন।
সাদা দলের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী সিনেটের মাধ্যমে উপাচার্য নির্বাচন, অবিলম্বে ফার্মেসী অনুষদের ডীন নির্বাচনের তফসিল ঘোষণা এবং ওই নির্বাচনের আগে সব ধরনের নিয়োগ বন্ধ রাখা।
বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাদা দল সমর্থিত এক-তৃতীয়াংশ প্রাধ্যক্ষ নিয়োগ, হলের আবাসিক শিক্ষকদের মেয়াদ ১০ বছর পূর্ণ হওয়ার আগে তাদের অব্যাহতিদান বন্ধ, সাদা দল সমর্থিত শিক্ষকদের পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত, শিক্ষকদের সবধরনের ছুটি পাওয়ার ক্ষেত্রে অযথা 'হয়রানি' বন্ধের দাবি জানানো হয়।
এর আগে দুপুর ১২টায় সাদা দলের শিক্ষকরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের দপ্তরে স্মারকলিপি পেশ করেন।
সেখানে কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমানকে স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়।
পরে স্মারকলিপি পাঠ করে শোনান সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন।
এ সময় অধ্যাপক মীজানুর রহমান সাদা দলের শিক্ষকদের উদ্দেশে বলেন, "আপনারা যে দাবিগুলো দিয়েছেন তা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বজায় রাখতে সহায়তা দেবে।
"কারণ, গণতান্ত্রিকভাবে সবার ঐকমত্যের ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে আমরা এটাই আশা করি।"
উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে কথা বলে দাবিগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কোষাধ্যক্ষ।
এ স্মারকলিপির অনুুলিপি উপ-উপাচার্যকেও দেওয়া হবে বলে জানান অধ্যাপক সদরুল আমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮০৬ ঘ.
bdnews24