চট্টগ্রাম, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর সরকার সমর্থক ছাত্রলীগের সাত কর্মীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার এক পক্ষের হামলায় দুজন আহত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সহকারী প্রক্টর সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দুপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন।
সকাল পৌনে ১১টার দিকে চবি'র কাটাপাহাড় এলাকায় চবি'র শাটল ট্রেনের বগিভিত্তিক পক্ষ 'চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার' (সিএফসি) এর সদস্যরা 'ভার্সিটি এক্সপ্রেস' (ভিএক্স) পক্ষের দুই সদস্যের ওপর চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
একদিন আগে ভিএক্স'র সদস্যদের হামলায় সিএফসি'র তিন সদস্য আহত হন।
সহকারী প্রক্টর সাইদুল ইসলাম বলেন, ভিএক্স ও সিএফসি'র সদস্যরা সবাই ছাত্রলীগের সঙ্গে যুক্ত।
বহিষ্কৃতরা হলেন- ফাইন্যান্স দ্বিতীয় বর্ষের ছাত্র ফজলে রাব্বী সুজন, এলএলবি দ্বিতীয় বর্ষের কিশোর কুমার দাশ, ইতিহাসের দ্বিতীয় বর্ষের মোকাররম পলাশ, উদ্ভিদবিদ্যা দ্বিতীয় বর্ষের ইমরান হোসেন, রাজনীতি বিজ্ঞান তৃতীয় বর্ষের শরিফুজ্জামান শরিফ, সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের জমিরউদ্দিন, হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুজ্জামান।
সহকারী প্রক্টর সাইদুল জানান, প্রথম তিন জনকে শুক্রবার বিকালে হামলার ঘটনায়, ইমরান হোসেনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ভাংচুর এবং শেষ তিন জনকে শনিবার শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় বহিষ্কার করা হয়।
সাত জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তার কারণ দর্শাতে সাত জনকে নোটিস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান সহকারী প্রক্টর।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভিএক্স পক্ষের নেতৃত্বে রয়েছেন ছাত্রলীগ নেতা রাকিব আহমেদ ও শিহাবুন সাকিব ভূইয়া। অন্যদিকে সিএফসি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের বর্তমান কমিটির অর্থ সম্পাদক মহসিন করিম রিয়েল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল।
এদিকে শুক্রবার বিকালে ছাত্রলীগের দুইপক্ষের হামলার ঘটনায় সঞ্জয় কুমার দেবনাথ নামে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুর আড়াইটার দিকে চবি ক্যাম্পাস থেকে মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাটহাজারী থানার উপ-পরিদর্শক নুরুল আমিন।
শুক্রবারে হামলার ঘটনায় আহত ছাত্রলীগকর্মী ফয়সাল সরকার বাদি হয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24