২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো ফল করায় আনন্দ স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা

২০১০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আনন্দ স্কুলের ১০৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আনন্দ স্কুলের ১০৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার আগারগাঁওয়ের এলজিইডি ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের 'রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্প' অনানুষ্ঠানিক ধারার এসব শিক্ষার্থীর জন্য এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ আয়োজনে সহায়তা করে বিশ্বব্যাংক। 'রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্প' এর আওতায় দেশজুড়ে বিভিন্ন এনজিও আনন্দ স্কুল পরিচালনা করে থাকে। সুবিধাবঞ্চিত শিশুরা এই স্কুলে পড়াশুনা করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন বলেন, গত বছরের চেয়ে এ বছর প্রাথমিক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের ফলাফল পাঁচ শতাংশ বেড়েছে। আর আনন্দ স্কুলও ভালো ফল করেছে। তিনি একে 'ইতিবাচক' বলে আখ্যায়িত করেন। ২০০৯ সালে আনন্দ স্কুলে ব্যাপক ফল বিপর্যয় হয়। তিনি আরো বলেন, সর্র্বনিু সুযোগপ্রাপ্ত এসব শিক্ষার্থী সর্বোচ্চ সুবিধাভোগীদের সঙ্গে প্রতিযোগিতা করেছে। এ স্কুলের শিক্ষার্থীদের নির্দিষ্ট কোনো স্কুল ঘর নেই। এখানকার শিক্ষকরা ন্যূনতম বেতন নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করেন। তাদের এ সাফল্যকে 'অসাধারণ' বলে অভিহিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন। তিনি জানান, এ স্কুলের শিক্ষার্থীদের জন্য অন্ততপক্ষে একটি স্কুলঘর ও শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টি সরকার আন্তরিকভাবে বিবেচনা করছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণশিক্ষা সচিব আব্দুল আউয়াল মজুমদার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক শ্যামল কান্তি ঘোষ, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ক্রেস্ট দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএম/এইচএ/২০২৭ ঘ.