২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসরের বয়স বাড়ছে

প্রধানমন্ত্রী বলেছেন, এখন থেকে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর। এ ছাড়া শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 01:21 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, এখন থেকে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর। এ ছাড়া শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করা হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবসরের বয়স বাড়ানোর দাবি জানালে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্র্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন এখন থেকে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে অবসরের সীমা ৬৫ যা ধাপে-ধাপে প্রয়োগ করা হয়। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে অবসরের সীমা ৬০ বছর। দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৪টি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের সীমা ৬৫ বছর। আজাদ জানান, ফেডারেশনের সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করে। এ সময় তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা শিক্ষক নেতাদের জানান। তিনি বলেন, প্রতিনিধি দলের সদস্যরা শিক্ষকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সাক্ষাতের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৯৫২ ঘ.