বরিশাল, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর জগদীশ স্বারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সৌন্দর্য বৃদ্ধি ও শ্রেণীকক্ষের বেঞ্চ তৈরির জন্য কেটে ফেলা হয়েছে ৬টি গাছ।
আরো ৫টি গাছ কাটা হবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে গাছ কাটা শুরু হয় এবং কাটা হয় দুটি গাছ। শনিবার কাটা হয় আরো চারটি।
ছোট বড় মিলিয়ে মোট ছয়টি গাছ কাটা হয়েছে। যার মধ্যে রয়েছে দুই যুগের পুরনো একটি চাম্বুল ও ৫টি মেহগনি।
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, চারটি গাছ কাটার পর শ্রমিকরা আরো কয়েকটি গাছ কাটার অপেক্ষায় রয়েছে।
ওই বিদ্যালয়ে পুরনো গাছ আছে ২৫টির মতো। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিদ্যালয় প্রাঙ্গণ ও মাঠে মাথা উঁচু করে দাড়িয়ে থাকা গাছগুলো বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট করছে।
এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষের এ বক্তব্য সম্পূর্ন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন জেলার সাংস্কৃতিক কর্মীরা।
বরিশাল উদীচীর কর্মী মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যে চাম্বুল গাছটি কেটে ফেলা হয়েছে তার তলায় প্রতিবছর বসন্ত উৎসবসহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান হোতো।"
জগদীশ স্বারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোহাম্মদ ফারুক জানান, বর্ষা মৌসুমে গাছের কারণে বিদ্যালয়ের মূল ভবনের টিনের চালা নষ্ট হয়ে যায়। তাই টিন রক্ষার্থে পাঁচটি মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের শ্রেণীকক্ষে বেঞ্চ প্রয়োজন। তাই বেঞ্চ তৈরির জন্য একটি চাম্বুল গাছ কাটা হয়েছে।"
প্রধান শিক্ষক বলেন, "বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই গাছ কাটা হয়েছে।"
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. আনোয়ার হোসাইন বলেন, "গাছগুলো থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক সৌন্দর্য্য নষ্ট হয়েছিল। সৌন্দর্য্যরে কথা চিন্তা করেই গাছগুলো কাটা হয়েছে।"
তিনি বলেন, "পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কেটে ফেলা গাছগুলো দিয়ে শ্রেণী কক্ষে ছাত্রীদের বসার সুবিধার্থে নতুন বেঞ্চ তৈরি করা হবে।"
তিনি জানান, শিগগিরই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। তখন আরো ৫টি গাছ কাটা পড়বে।
এদিকে গাছ কাটা নিয়ে ভিন্নমত পোষণ করেছেন অভিভাবকরা।
তারা অভিযোগ করেছেন, গাছ কেটে ফেলায় বিদ্যালয়ের সৌন্দর্য মোটেও বৃদ্ধি পায়নি। বরং ক্ষতি হয়েছে। তীব্র রোদে বা গরমে ছাত্রীরা গাছের ছায়ায় একটু আশ্রয় নিতে পরতো। সেটা থেকে ছাত্রীদের বঞ্চিত করা হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮০৭ ঘ.
bdnews24