ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা পদক পাওয়ায় আনন্দ শোভাযাত্রা পালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী আর কর্মকর্তা-কর্মচারীরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে ব্যানার ফেস্টুন এবং রঙবেরঙের পোশাক পড়ে অংশ নেন তারা।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান।
আরেফিন সিদ্দিক বলেন, "এই প্রাপ্তি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জন নয়। এটা গোটা দেশের অর্জন।" আমাদের বিশ্ববিদ্যালয়ের সব দিক যদি বিবেচনা করা হয় তাহলে এই বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাংকিংয়ে এক-এ থাকবে।"
শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০৭ ঘ.
bdnews24