২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি: সমস্যা নেই লিবিয়ার পরীক্ষার্থীদের

২০১১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ৫ এপ্রিল থেকে। এ পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোর মধ্যে একটি রয়েছে লিবিয়াতেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2011, 08:51 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ৫ এপ্রিল থেকে। এ পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোর মধ্যে একটি রয়েছে লিবিয়াতেও। এ কেন্দ্রের ১৪ পরীক্ষার্থীর মধ্যে চার জন ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। বাকিদের জন্য খাতা ও প্রশ্নপত্র প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিবিয়ার বর্তমান পরিস্থিতিতে সেখানে প্রশ্নপত্র এবং পরীক্ষার খাতা পাঠানো সম্ভব হয়নি। তবে ঢাকায় চলে আসা চার পরীক্ষার্থীকে এখানেই পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। মুয়াম্মার গাদ্দাফির চার দশকের শাসন অবসানে এক মাসের বেশি সময় ধরে লিবিয়ায় ব্যাপক বিক্ষোভ চলছে। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর সহিংসতায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। ফাহিমা খাতুন জানান, লিবিয়ার বাকি ১০ জন পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢাকা বোর্ড থেকে একটি চিঠি পাঠানো হয়েছিলো। ওই মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই এ ব্যাপারে জানানো হয়েছে। তিনি বলেন, "মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্র এবং খাতা প্রস্তুত রাখতে। মন্ত্রণালয়ের বিশেষ ফ্লাইট গেলেই ওই প্রশ্নপত্র এবং খাতা পাঠানো হবে। যদি বিশেষ ফ্লাইট না যায় তবে পরে ওই শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে।" এছাড়া এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান অধ্যাপক ফাহিমা খাতুন। এ বছর মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ ১০টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধনকৃত মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লাখ ৭৯ হাজার ৪৪১ জন। গত বছর পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো ৭ লাখ ২১ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে মোট ছাত্রের সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ৮২৩ জন এবং ছাত্রী আছেন ৩ লাখ ৫৪ হাজার ৬১৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/আরএ/এমআই/১৪৪৫ ঘ.