২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের বেতে ছাত্রী আহত

নড়াইলে শিক্ষকের বেত্রাঘাতে এক ছাত্রী আহত হয়েছে। শ্রেণীকক্ষে বেত ব্যবহারে সরকারের বারণ থাকলেও তা করায় ওই শিক্ষককে বরখাস্তের প্রক্রিয়া চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

নড়াইল, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে শিক্ষকের বেত্রাঘাতে এক ছাত্রী আহত হয়েছে। শ্রেণীকক্ষে বেত ব্যবহারে সরকারের বারণ থাকলেও তা করায় ওই শিক্ষককে বরখাস্তের প্রক্রিয়া চলছে। আহত ছাত্রী কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়েন। তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার শ্রেণীকক্ষে বেত্রাঘাত করা হয় কলাবাড়িয়া গ্রামের ওই শিক্ষার্থীকে। অভিযুক্ত শিক্ষক এসএম ফয়সাল রহমানকে বরখাস্তের জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি খাঁন শামীমুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোট বই আনায় বুধবার ওই ছাত্রীকে ফয়সাল রহমান ৩৩টি বেত্রাঘাত করেন। এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আ ফ ম আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, দোষী শিক্ষককে বরখাস্ত করার জন্য স্কুলের ব্যবস্থাপনা কমিটিকে বলা হয়েছে। গত বছরের শেষের দিকে শিক্ষার্থীকে নির্যাতন করা হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/২০১৪ ঘ.