ইসলামী বিশ্ববিদ্যালয়, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ নেতাকর্মীদের বাধায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দু'টি ইউনিটে ভর্তি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্রলীগ নেতাকর্মীরা ভর্তি কার্যক্রমে 'অনিয়ম ও দুর্নীতি'র অভিযোগ এনে এসময় ক্যাম্পাসে ভাংচুর চালায় এবং বিশ্ববিদ্যালয়েরর প্রধান ফটক অবরোধ করে রাখে।
শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও প্রশাসন জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ছিলো বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন, শিল্পী কোটা, মুক্তিযোদ্ধা কোটা ও খেলোয়াড় কোটায় চলতি শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার।
ব্যবসায় প্রশাসনভূক্ত 'চ' ও বিজ্ঞান অনুষদভূক্ত 'ঙ' ইউনিটে সাক্ষাৎকার চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করে ভাংচুর শুরু করে।
তারা সাক্ষাৎকার দিতে আসা শিক্ষার্থীদের অফিস থেকে বের করে দেয়।
এসময় সেখানে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক আবুজর গিফারী গাফ্ফার প্রমুখ উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইউনিট সমন্বয়কারীরা ভর্তি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হন।
পরে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
মাহাবুব হোসেন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভর্তি কার্যক্রমে দুর্নীতি ও অনিয়ম হওয়ায় আমরা তা প্রতিহত করেছি মাত্র।"
এ বিষয়ে 'চ' ইউনিট সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জাকারিয়া রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভিত্তিহীন অভিযোগ তুলে কতিপয় দুর্বৃত্ত ভাংচুর চালায় এবং ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের লাঞ্ছিত করে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের কার্যকলাপ যারা করেছে, তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্যই তা করেছে।"
ইবি ছাত্রলীগ এ ব্যাপারে কোনো দায়ভার নেবে না বলে জানান তুহিন।
এদিকে নোটিশ অনুসারে শনিবার 'ঘ' ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সমন্বয়কারীর অনুপস্থিতির কারণে তা হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯১৫ ঘ.
bdnews24